আরাফাত
সানিসহ সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয় দলের তিনজন ক্রিকেটারকে বিভিন্ন
অভিযোগে জেলে যেতে হয়েছে। অনেকে বলছেন, এ যুগে ক্রিকেটাররা যে রকম অল্প
বয়েসে তারকাখ্যাতি পেয়ে যাচ্ছেন - হয়তো তাদের কেউ কেউ নিজেদের সামাল
দিতে পারছেন না। তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় জাতীয় দলের
ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতের নির্দেশে
কারাগারে পাঠানো হয়েছে। সানির স্ত্রী হিসেবে পরিচয় দেয়া এক তরুণীর করা
এই মামলায় ঢাকার একটি আদালত তার জামিনের আবেদনও নাকচ করে দিয়েছে। এর আগেও
বিভিন্ন অভিযোগে জাতীয় দলেরই আরো দু'জন ক্রিকেটারকে জেলে যেতে হয়েছিল।
সাবেক ক্রিকেটারদের অনেকে বলেছেন, অল্প বয়সে এরকম তারকা খ্যাতি পেয়ে
যাওয়ায় অনেকেই নিজেদেরকে সামাল দিতে পারছেন না। সানির স্ত্রী হিসেবে
পরিচয় দেয়া তরুণীটি তার অভিযোগে বলেছেন, ফেসবুক মেসেঞ্জারে তাদের কিছু
অন্তরঙ্গ ছবি পাঠিয়ে তাকে হুমকি দিয়েছেন এই ক্রিকেটার। তবে সানি এ অভিযোগ
অস্বীকার করেছেন। এর আগে জাতীয় দলের আরেক ফাস্ট বোলার রুবেল হোসেন তার
বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে করা এক তরুণীর মামলায় জেল খেটেছেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আরেক ক্রিকেটার শাহাদাত হোসেনকে জেলে যেতে
হয়েছিল।
তবে ওই মামলার বাদী পরে অভিযোগ প্রত্যাহার করে নিলে তিনি ছাড়া
পান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বিবিসি বাংলাকে
বলেন, এসব ঘটনা ক্রিকেটকে লজ্জায় ফেলছে। "বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা
ক্রিকেটাররা অনেকে অল্প বয়েসে খ্যাতি ও প্রচুর অর্থ পেয়ে যাচ্ছে। অনেকে
এই সাফল্য ম্যানেজ করতে পারে না, নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না।"
"ক্রিকেট এত জনপ্রিয় হয়ে গেছে যে ক্রিকেটারদের পেছনে মেয়েরা দৌঁড়াচ্ছে,
ছেলেরা দৌঁড়াচ্ছে - এই হাতছানির মধ্যে নিজেদের সামলে রাখা - এটা অনেকে
অনেক সময় পারে না", বলেন রকিবুল হাসান। তিনি বলেন, ক্রিকেটারদের ক্ষেত্রে
আচরণবিধি আছে, কিন্তু তারকাখ্যাতি পাওয়ার পর তার ব্যক্তিগত জীবনে সচেতন
থাকা প্রয়োজন আছে - তাই এজন্য প্রশিক্ষণের সুযোগ থাকা উচিত। ক্রিকেট
বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস বলেন, খেলোয়াড়দের জন্য আচরণবিধি আছে যা
তারা মেনে চলে। কিন্তু অফ-দ্য-ফিল্ড বা মাঠের বাইরের কোন কার্যকলাপ যদি
আচরণবিধির আওতায় পড়ে তাহলে বোর্ড অ্যাকশন নেয়। অতীতেও তাই হয়েছে। তবে
এসব পদক্ষেপ বা প্রশিক্ষণ দিলেই যে এমন আর ঘটবে না - তা মনে করেন না
অনেকেই। সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন মনে করেন, একজন তারকাকে নিজের
মর্যাদার ব্যাপারে নিজেকেই সচেতন থাকতে হবে।
সূত্র : বিবিসি
সূত্র : বিবিসি

No comments:
Post a Comment