Thursday, January 26, 2017

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর মুখে এসিড

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেছে রিনা আক্তার (১৭) নামে এক কিশোরীর মুখ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মণ্ডলের গাতী গ্রামে। এ ঘটনায় কলমাকান্দা থানা পুলিশ বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগ মিয়াকে আটক করেছে। কিশোরীর মামা আমিনুল ইসলাম ও সোনা মিয়া জানান, পার্শ্ববর্তী বানিয়াপাড়া গ্রামের বখাটে সোহাগ মিয়া (২১) কয়েক মাস আগে মণ্ডলের গাতী গ্রামের রিনা আক্তারকে বিয়ের প্রস্তাব দেয়। সে ও তার পরিবার প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সোহাগ মঙ্গলবার রাতে তাদের বসতঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত রিনার মুখে এসিড নিক্ষেপ করে।
এতে তার মুখ ঝলসে যায়। তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার দুপুরের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আনা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, এসিডে মেয়েটির মুখের অধিকাংশ ঝলসে গেছে। নেত্রকোনা হাসপাতালে এসিডদগ্ধ কিশোরী রিনাকে দেখতে আসা অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, এ ঘটনায় জড়িত অভিযুক্ত সোহাগকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment