Thursday, January 26, 2017

গলায় ফাঁস দেয়ার নয়দিন পর ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ঝরে গেল আরও একটি তাজা প্রাণ। না ফেরার দেশে চলে গেলেন প্রতিভাবান ক্রীড়াবিদ সাইক্লিস্ট পারুল আক্তার। গলায় ফাঁস দেয়ার নয়দিন পর মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি। মঙ্গলবার রাত দু’টায় সাভার ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে পারুল স্বামী ও এক সন্তান রেখে গেছেন। কাল দাফনের জন্য গ্রামের বাড়ি মাগুরার গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ। ২০০২ সালে মাগুরা জেলার হয়ে সাইক্লিংয়ে আসেন গঙ্গারামপুরের মেয়ে পারুল আক্তার। বিজেএমসির কোচ আবদুল কুদ্দুসের হাত ধরে ২০০৭ সালে বিজেএমসিতে পেশাদারিত্বের পথে প্রবেশ তার। দু’বছর পর বাংলাদেশ আনসার থেকে ডাক পান পারুল। গত সাত বছরে দেশের সাইক্লিংয়ে অনেক কিছুই দিয়েছেন তিনি। বিদেশের মাটি থেকে দেশের জন্য বয়ে এনেছেন অনেক সম্মান। তার মধ্যে ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে পদক জিতেছিলেন। ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকও এনে দেন দেশকে। কিন্তু হঠাৎ করেই কি হল, তা কেউ বলতে পারেন না।
পারুলের সতীর্থ এবং বিজেএমসির সাইক্লিস্ট সোনিয়া ইয়াসমিন অভির কথায়, ‘আমি নিজেও বুঝতে পারছি না কি এমন ঘটল পারুলের জীবনে যে, তাকে গলায় ফাঁস দিতে হল। পারুল অসাধারণ একজন সাইক্লিস্ট ছিলেন।’ বিজেএমসির আবদুল কুদ্দুসের কথা, ‘আমিই তাকে সাইক্লিংয়ে নিয়ে আসি। অসম্ভব মেধাবী সাইক্লিস্ট ছিল পারুল। কিন্তু কেন যে এমন একটি ঘটনা ঘটাতে গেল তা আমার মাথায় আসে না। বুধবার সকালে মৃত্যুর খবর পেয়ে আমি ছুটে যাই সাভারে ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে। খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। নয়দিন মৃত্যুর সঙ্গে লড়েও জীবনের ট্র্যাকে জিততে পারল না।’ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের কথা, ‘কষ্ট লাগছে মেয়েটার জন্য। তিন-চারদিন আগে শুনেছিলাম হাসপাতালে পারুল। তাকে দেখতে যাওয়ার সুযোগ হয়নি। আমরা একজন প্রতিভাবান সাইক্লিস্টকে হারালাম।’ ২০১২ সালে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন আনসারের সাঁতারু আরিফা। জুনিয়র পর্যায়ে প্রতিভাবান সাঁতারু এবং কুষ্টিয়ার আমলা গ্রামের মেয়ে আরিফার মৃত্যুর জন্য পরোক্ষে দায়ী করা হয়েছিল কোচ এমদাদুল হককে। তারই জেরে পাঁচ বছরের জন্য সাঁতার ফেডারেশন থেকে নিষিদ্ধ করা হয় কোচকে। আনসার থেকেও চাকরি হারিয়েছিলেন এমদাদ। এছাড়া গত বছর ভুল চিকিৎসায় মারা যান কক্সবাজারের জাতীয় উশুকা সুলতানা।

No comments:

Post a Comment