Thursday, January 26, 2017

অস্ত্রসহ লাইভ করা সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় অস্ত্র হাতে ফেসবুক লাইভে স্থানীয় এমপিকে খুঁজতে থাকা আলোচিত যুবলীগ নেতা আবু উবাইদা শাফির বিরুদ্ধে কুষ্টিয়ার খোকসা থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। বুধবার রাত সাড়ে এগারোটার সময় স্থানীয় এমপি আব্দুর রউফ’র খালাতো ভাই এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, মামলায় আবু উবাইদা শাফিকে প্রধান ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। খোকসা থানায় দায়ের হওয়া মামলা নম্বর ৫।  
এর আগে সোমবার দিবাগত রাত বারোটার দিকে শাফি তার সর্মথকদের নিয়ে দেশীয় অস্ত্র হাতে খোকসা বাজারে স্থানীয় এমপি কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ ও খোকসা যুবলীগের আহবায়ক আল মাসুম মোর্শেদ শান্তকে মারধর করার জন্য অবস্থান নেন। এ ঘটনা তিনি ফেসবুকে লাইভ সম্প্রচার করেন। ভিডিওবার্তাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। জানা যায় সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় কমিটি খোকসা উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়। কমিটিতে আল মাসুম মোর্শেদ শান্তকে আহবায়ক এবং আব্দুল মান্নান ও বাপ্পী বিশ্বাস রাজুকে যুগ্ম আহবায়ক করা হয়। আহবায়ক কমিটির অনুমোদনপত্র গত সোমবার নেতৃবৃন্দের হাতে তুলে দেয়ার সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এ কমিটিতে বাদ পড়েন নেতা শাফি ও তার অনুসারীরা। এতে ক্ষিপ্ত হয়ে শাফি ও তার অনুসারীরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে এমপি ও নতুন কমিটির নেতাদের খুঁজতে থাকেন।

No comments:

Post a Comment