Thursday, January 19, 2017

সাত খুনের রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর নির্মাণকাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এছাড়া মেঘনা ও গোমতি ২য় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সাত খুন মামলার রায় সাম্প্রতিক কালে সর্বোচ্চ শাস্তির দিক থেকে বিরল ঘটনা। সাত খুন মামলার এই রায় সংশ্লিষ্ট সকলের জন্য এবং অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।
নির্বাচন কমিশন পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জবাবে সেতুমন্ত্রী বলেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে ইসি গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। সুতরাং মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে  আলোচনা হওয়ায় এ নিয়ে তাদের দ্বিতীয় বার আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি কিভাবে সার্চ কমিটি গঠন করবেন- এটি তার এখতিয়ার। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই। কাঁচপুর, মেঘনা ও গোমতি ২য় সেতু নির্মাণ সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এ ৩টি সেতু নির্মাণে ব্যবহার করা হচ্ছে। সেতু তিনটি নির্মাণে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে জাইকা দেবে সাড়ে ৬ হাজার কোটি টাকা, বাংলাদেশ সরকার দেবে ২ হাজার কোটি টাকা। নির্মাণ কাজে অনেক বাধা ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হওয়ার পর কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু সিডিউলে বিলম্ব হয়নি। পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, যানবাহন চলাচলের জন্য ২০১৮ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু খুলে দেয়া হবে।

No comments:

Post a Comment