চুয়াডাঙ্গায়
আলমডাঙ্গা উপজেলায় দুর্বৃত্তদের বোমা হামলায় নাসির উদ্দীন (৫০)নামে এক
গ্রামবাসী নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার দিনগত রাতে উপজেলার কুলপালা
গ্রামে এ ঘটনা ঘটে। নাসির উদ্দীন কুলপালা গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে। এ
ঘটনায় আহত গ্রামের মিয়াজান মণ্ডলের ছেলে লিটনকে (৩৫) চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে নাসির উদ্দীনের
বাড়ির পাশে কয়েকজন ফিস ফিস করে আলাপ করছিলেন। চোর ভেবে নাসির উদ্দীন ঘুম
থেকে জেগে চিৎকার করতে থাকেন। এ সময় দুর্বৃত্তদের কয়েকজন নাসিরের বাড়িতে
ঢুকে পড়ে। চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে
দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে নাসির উদ্দীন ও
লিটন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে
দায়িত্বরত চিকিৎসক রাবিজুল ইসলাম নাসির উদ্দীনকে মৃত ঘোষণা করেন। তিনি
জানান, হাসপাতালে আনার আগেই নাসিরের মৃত্যু হয়েছে। রাতেই খবর পেয়ে
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সদর হাসপাতাল পরিদর্শন
করেন। তিনি জানান, হামলাকারী যে বা যারাই হোক, তাদের খুঁজে বের করা হবে।

No comments:
Post a Comment