Tuesday, January 10, 2017

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগের সহযোগি সংগঠনসমূহ যেমন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পাকিস্তানের জেলে সাড়ে নয়মাস আটক থাকার পর ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এরপর থেকে দিনটি জাতি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment