Saturday, January 28, 2017

নিজের মতো করে কিছু সময় কাটাতে চেয়েছি

দীর্ঘ দশ মাস আড়াল থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে মিডিয়া বেশ সরগরম। সত্য-মিথ্যার বেড়াজালে আটকে আছে আলোচনা-সমালোচনা। সত্যিই কি ঢাকায় ফিরেছেন অপু? অবশেষে সেই বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন তিনি। প্রায় এক মাস হয়ে গেল ঢাকায় অবস্থান করছেন তিনি। যুগান্তরের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে আড়াল হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। যার কিছু অংশ আজকের ‘হ্যালো...’ বিভাগে তুলে ধরা হল।
*প্রথমেই জানতে চাই, ঢাকায় ফেরা নিয়ে ধোঁয়াশা কেন?
**আমি তো কাউকে কিছু বলিনি। সাংবাদিকরা যে যার মতো করে লিখছে। এটা সত্যি যে আমি ঢাকায় ফিরেছি। সেটাও প্রায় এক মাস হয়ে গেল।
*ঢাকায় ফিরেও কেন এত গোপনীয়তা?
**গোপনীয়তার কিছু নেই। আমি নিজের মতো করে কিছু সময় কাটাতে চেয়েছি। ২০১৬ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সব কিছু থেকে দূরে ছিলাম। এমনকি পরিবারের দু’চারজন ছাড়া অন্য কোনো আত্মীয়-স্বজনের সঙ্গেও আমার যোগাযোগ ছিল না।
*তারপরও আপনি দেশের প্রতিষ্ঠিত এবং সুপরিচিত একজন চিত্রনায়িকা। আপনাকে নিয়ে সবার আগ্রহ থাকবেই...
**বিশেষ কিছু কারণতো অবশ্যই আছে। সেটা আমি সময় হলে অবশ্যই সবাইকে জানাব।
*সেই কারণটা কি শাকিব খানের সঙ্গে আপনার বিয়ে কিংবা সন্তানের গুজব?
**গুজব তো গুজবই। এসবে কান দিলে কী আমার চলবে? কারণটা আপাতত গোপনই থাক। সময় হলেই বলব।
*কিন্তু আপনি তো অস্বীকারও করছেন না?
**স্বীকারও তো করছি না। কিছু একটা তো অবশ্যই আছে। সেটা আপাতত রহস্য হিসেবেই থাক।
*আপনার কি মনে হয় কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করছে?
**এটা আমি বিশ্বাস করি না। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের মতো করে চলতে চেয়েছি। তবে হ্যাঁ, কাছের দু’একজনের পরামর্শ নিয়েছি। কিন্তু তাই বলে অপুকে ভুল পথে চালিয়ে কেউ ধ্বংস করে দেবে এটা আমি বিশ্বাস করি না। কিছু কষ্ট আছে, পাশাপাশি কিছু ভালোবাসাও আছে। সবকিছুই সময় হলে খোলাসা করব।
*মাঝে তন্ময় নামে একটি ছেলের সঙ্গে আপনার বিয়ের গুজবও রটেছিল। এর পেছনে কার হাত রয়েছে বলে আপনার মনে হয়?
**কারও হাত নেই। আমার আড়ালে থাকা নিয়ে কিছু গণমাধ্যম মুখরোচক খবর তৈরি করেছে। এরমধ্যে আমার এক ভক্ত ফান করে একটা স্ট্যাটাস দিয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা না বুঝে মজা করার জন্য করা হয়েছে। কিন্তু গণমাধ্যমগুলো এভাবে হুট করে সংবাদ না ছাপিয়ে যাচাই করে প্রকাশ করা উচিত ছিল।
*কিন্তু গণমাধ্যম তো আপনাকে খুঁজে পায়নি। যাচাই করবে কীভাবে?
**তা ঠিক। তারপরও বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যা তা লিখে দেয়া উচিত নয়। আমাকে নিয়ে অনেকে অনেক কিছু লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে। তাই বলে সেটা সত্যি হবে এর কোনো কারণও তো নেই।
*বিয়ের বিষয়টি কিন্তু নিশ্চিত করেননি?
**কীভাবে করব। মিডিয়ার অনেকেই তিন-চারটি করে বিয়ে করে ফেলেছেন। (হাসতে হাসতে) অথচ আমি এখনও শুরুই করতে পারিনি। বিয়ে করলেও আপনাদের সবাইকে জানাব। আমার বাবা নেই। আমি মনে করি আমার কাছের মানুষ সাংবাদিক বন্ধুরা। তারা সবাই আমার বিয়ের আয়োজন করবে।
*ঢাকায় ফিরে সময় কাটছে কীভাবে?
**ভোরে ঘুম থেকে উঠে পার্কে হাঁটতে যাই। তারপর জিম করি। নিজেকে তৈরি করছি বলতে পারেন।
*পার্কে হাঁটতে গেলে তো অনেকেই আপনাকে দেখার কথা?
**কীভাবে দেখবে? আমি তো বোরকা পরে বের হই। দেখার সুযোগ কই? শুধু তাই নয়, বোরকা পরা অবস্থায় আমি বেশ কয়েকজন পরিচিত মানুষের সামনেও গিয়েছি। কেউ বুঝতে পারেনি।
*তাহলে আবারও সিনেমায় ফিরছেন?
**অবশ্যই। সিনেমায় তো ফিরতেই হবে। নিজেকে তৈরি করছি। আড়ালে ছিলাম। কোনো কাজ করিনি। তাই ফিটনেসের একটা বিষয় আছে। স্লিম হচ্ছি। তবে সৌন্দর্যের ব্যাঘাত যাতে না হয় সে বিষয়টিও খেয়াল রাখছি।
*আটকে যাওয়া সিনেমার কাজ করবেন নিশ্চয়ই...
**আগে সেগুলো শেষ করব। এরপর নতুন সিনেমা হাতে নেব। আমার তো এতদিন হিরো একটাই ছিল। এবার সেই ধারণাটা বদলে দেব। কারও একক নায়িকা হয়ে থাকতে চাই না।
*এমন কথা ২০১২ সালেও বলেছিলেন। কিন্তু পারেননি...
**বলেছিলাম। সেটা এখন অতীত। এবার প্রথা ভাঙার চেষ্টা করব। আপনারা, দর্শকরা আমার সঙ্গে আছেন। এটা আমি বিশ্বাস করি। সবাই আমাকে কতটা ভালোবাসেন সেটা এ কয়েকমাসে আমি বুঝতে পেরেছি। তাই আমাকে ফিরতে হচ্ছে। সবাই পাশে থাকলে অপু বিশ্বাসকে কেউ ঠেকাতে পারবে না।

No comments:

Post a Comment