Wednesday, January 11, 2017

১/১১'র কুশীলবদের বিচার একদিন হবে : গয়েশ্বর

এক-এগারোর সরকারের কুশীলবদের বিচার একদিন হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন ‘ষড়যন্ত্র ও ওয়ান ইলেভেনের সরকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার হচ্ছে তাদের বেনিফিসিয়ারি। তারা তাদের বিচার করবে না। কিন্তু এর মানে এই নয় যে তাদের বিচার হবেনা।
বাংলার মাটিতে তাদের বিচার একদিন হবেই। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গয়েশ্বর বলেন, জনগণের আদালতে নাকি খালেদা জিয়ার বিচার হবে। তাহলে জনগণতো উল্টো তাদের বিচার করতে পারে। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির এই নেতা বলেন, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনে যারা থাকবেন তাদের যোগ্যতা-দক্ষতা এবং গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনা করতে হবে। সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ। আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান ব্যারিস্টার এহসানুল হুদা, ইসলামিক ঐক্যজোটের চেয়াম্যান মাওলানা আব্দুল করিম প্রমুখ।

No comments:

Post a Comment