Saturday, January 21, 2017

‘স্বৈরাচারী ও ব্যর্থ প্রেসিডেন্ট হবেন ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন স্বৈরাচারী ও ব্যর্থ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মার্কিন ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিনিয়োগকারী জর্জ সরোস। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের একদিন আগে দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তিনি এ ভবিষ্যদ্বাণী করেন। একইসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট ইস্যুতে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলেও মন্তব্য করেন হাঙ্গেরি বংশোদ্ভূত এ ধনকুবের। ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক ও স্ববিরোধী’ ব্যক্তি বলে উল্লেখ করেন জর্জ সরোস। তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ট্রাম্প ব্যর্থ হতে যাচ্ছেন। কারণ তার ধ্যানধারণাগুলো পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক।
তার মন্ত্রিসভায় যারা আছেন, তারাও নিজেদের মতো করে স্বার্থের সংঘাতে জড়িত।' সরোস আরো বলেন, ট্রাম্প তার কাজকর্মের মাধ্যমে ধীরে ধীরে স্বৈরাচারী শাসকে পরিণত হবেন। তিনি বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ বাধিয়ে দেবেন। এতে ইউরোপসহ বিশ্বের অন্যান্য অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। জর্জ সরোস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের একজন ডোনার ছিলেন। ট্রাম্পের জয় তিনি কোনোভাবেই প্রত্যাশা করেননি। হিলারির পরাজয়ে প্রায় ১০০ কোটি ডলার বাজে খরচ হয়েছে সরোসের। এদিকে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে সম্পর্কে বলেন, ব্রেক্সিটের কারণে তেরেসা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন না। ইতিমধ্যে তার মন্ত্রিসভা বিভক্ত। পার্লামেন্টে সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যুক্তরাজ্যের জনগণ আবার গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবেন বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।

No comments:

Post a Comment