ক্যারিয়ারে
যাদের কল্যাণে আজকের অবস্থানে পৌঁছতে পেরেছেন, সেই সাত গুণী ব্যক্তিকে আজ
সম্মানিত করছেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। তা-ও আবার বিশেষ একটি দিনে। আজ
তার জন্মদিন। পাশাপাশি সঙ্গীত ক্যারিয়ারে ৪০ বছর পার করছেন তিনি। তাই
দিনটিকে স্মরণীয় করে রাখতে তাকে যারা শুরুতে সহযোগিতা করেছেন তাদের মধ্য
থেকে সাতজনকে সম্মানিত করছেন। আজ রাজধানীর ঢাকা ক্লাবে সেই বিশিষ্ট সাতজনের
হাতে সম্মাননা পদক তুলে দেয়া হবে। গুণী সাত ব্যক্তি হচ্ছেন- তপন চৌধুরীকে
সোলস ব্যান্ডে নিয়ে আসা সুব্রত বড়–য়া, মন শুধু মন ছুঁয়েছে গানের গীতকার
নকীব খান ও সুরকার পিলু খান, প্রথম অ্যালবামের সুরকার আইয়ুব বাচ্চু, প্রথম
চলচ্চিত্রের পরিচালক আমজাদ হোসেন, প্রথম চলচ্চিত্রের গানের সুরকার
আলাউদ্দিন আলী এবং প্রথম চলচ্চিত্রের গানের গীতিকার তাজুল ইসলাম। এ
প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘আজ আমার জন্মদিন। বেশ আয়োজনের মধ্য দিয়ে আমার
সঙ্গীত জীবনের শুরুর দিকে সম্পৃক্ত সাতজনকে সম্মাননা দিতে পারছি, এটা আমার
জন্য পরম আনন্দের,
ভালোলাগার। তবে আজকের এই বিশেষ দিনে আমার বাবা-মাকে খুব
মিস করছি। আজ তারা বেঁচে থাকলে হয়তো সন্তানের বিশেষ এ অনুষ্ঠানে বিশেষভাবেই
সম্মানিত হতেন।’ পাশাপাশি প্রায় একযুগ পর আবারও নিজের একক অ্যালবাম প্রকাশ
করছেন তিনি। অ্যালবামের নাম ‘ফিরে এলাম’। এতে পুরনো ‘পলাশ ফুটেছে শিমুল
ফুটেছে’ এবং ‘যেতে যেতে কেন পড়ে বাধা’ গান দুটিসহ নতুন আরও সাতটি গান
থাকছে। অ্যালবামের নতুন পাঁচটি গানের সুর করেছেন সুবীর নন্দী এবং নতুন বাকি
দুটি গানের সুর করেছেন পুলক অধিকারী ও সেজান মাহমুদ। গান লিখেছেন সাইফুল
ইসলাম মুকুল, মিলন খান, কবির বকুল ও সেজান মাহমুদ।

No comments:
Post a Comment