Thursday, January 26, 2017

চ্যাপেকোয়েন্সের জন্য ম্যাচে ব্রাজিলের জয়

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত চ্যাপেকোয়েন্সের ফুটবলারদের পরিবার, ক্লাব ও বেঁচে যাওয়াদের সাহায্য করতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। রিও ডি জেনেইরোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে একমাত্র গোলটি করেন পালমেইরাসের স্ট্রাইকার ডুডু।  ম্যাচে টিকেট বাবদ যে অর্থ পাওয়া যাবে, তার পুরোটাই চ্যাপেকোয়েন্স ক্লাব তহবিল ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দলের ফুটবলারদের পরিবারদের দেওয়া হবে। তবে এই ম্যাচে ছিলেন না নেইমার-অস্কার-রদ্রিগেজদের মতো তারকা ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধেই গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তিতের দল। তবে সেখান থেকে গোল করতে পারেনি রবিনহোরা।
তবে বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় ব্রাজিল। ৪৭তম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ব্রাজিল। দিয়েগো সুজার বাড়িয়ে দেওয়া বলে পা লাগিয়েছিলেন লুকাস লিমা। তবে কলম্বিয়ার গোলরক্ষক গঞ্জালেসের গা লেগে বল পেয়ে যান ডুডু। হেড করে বল জালে পাঠিয়ে দেন এই ব্রাজিল তারকা। এর পর গোলশোধে মরিয়া হয়ে উঠলেও গোল পায়নি কলম্বিয়া। ২০১৬ সালের ২৯ নভেম্বর ফুটবল ইতিহাসের অন্যতম বিয়োগান্তক বিমান দুর্ঘটনায় চ্যাপেকোয়েন্সের ৭১ ফুটবলার-কর্মকর্তা প্রাণ হারান। মেদেলিনের অ্যাথলেটিকো ন্যাশনাল দলের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনালে অংশ নিতে কলম্বিয়ায় যাচ্ছিলেন চ্যাপেকোয়েন্সের ফুটবলাররা। বিমানটি ভিরু ভিরু বিমানবন্দর থেকে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জ্বালানি সংকটের কারণে কলম্বিয়ায় লা ইউনিয়ন শহরের কেরো গোর্দো শহরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি।

No comments:

Post a Comment