Sunday, January 29, 2017

কাশ্মীরে তুষারচাপা আরও পাঁচ সেনা

কাশ্মীরে আবারও তুষার ধস। এবার নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারার মাচিল সেক্টরে তুষারচাপা পড়লেন পাঁচ ভারতীয় সেনা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনা জওয়ানদের ফাঁড়ির দিকে যাওয়ার রাস্তাটি বরফে ঢাকা পড়েছিল। শনিবার সকালে আচমকা ধসে সেটি পুরো বসে যায়। কয়েক ফুট বরফের নিচে চাপা পড়েন ওই জওয়ানরা। বরফের চাঙড়ের তলা থেকে তাদের বের করে আনতে উদ্ধার অভিযান চলছিল বলেও জানান সেনা মুখপাত্র। গত কয়েকদিন ধরেই কাশ্মীর ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে রয়েছে।
বুধবার থেকে নজিরবিহীন তুষারপাত চলছে। শুক্রবার পর্যন্ত তুষারচাপায় ২৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। এ পাঁচজন নিহত হলে তা ২৯ জনে দাঁড়াচ্ছে।কাশ্মীর উপত্যকার পাহাড়ি রাস্তায় ধসের বিপদ এখনও কাটেনি বলে জানিয়ে সাবধান করে দিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। গত কয়েকদিনে তুষার ধসে নিহত জওয়ানদের মধ্যে মহারাষ্ট্রের তিন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ। এর আগে গুরেজ, সোনমার্গ সেক্টরে তুষার ধস হয়েছিল। ২০১২ সালের মার্চেও এসব এলাকায় ১৬ সেনা কর্মকর্তা দুটি বড় ধরনের তুষার ধসের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আগাম সাবধানবাণীতে বলা হয়েছে, তুষার ধসপ্রবণ এলাকাগুলোতে যেন কেউ না যান। বাড়ির ছাদে, আশপাশের বাঙ্কারে বরফ জমতে না দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।

No comments:

Post a Comment