Sunday, January 29, 2017

আমার হৃদয় ভেঙে গেছে : মালালা

সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ও পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে ডোনাল্ড ট্রাম্প যে আদেশ দিয়েছেন তাতে তার ‘হৃদয় ভেঙে গেছে।’ একই সঙ্গে বিশ্বের ‘সবচেয়ে অরক্ষিত’ এসব শরণার্থীর নিষিদ্ধ না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপির। ১৯ বছর বয়সী মালালা বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক যে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে আসা শিশু, মা ও বাবাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। ২০১২ সালে পাকিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানের ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন মালালা।
তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতার এই সময়ে, বিশ্বের সবচেয়ে অরক্ষিত শিশু ও পরিবারগুলো থেকে মুখ ফিরিয়ে না নেয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি।’ শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ মালালা ইউসুফজাই ২০১৪ সালে ভারতের শিক্ষা ও শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে ওই পুরস্কার পান। বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন মালালা। তিনি আরও বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি যে, শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের স্বাগত জানানোর গর্বিত ইতিহাস থেকে আমেরিকা মুখ ফিরিয়ে নিচ্ছে। ন্যায্য পাওনার বিনিময়ে নতুন জীবনের সুযোগ পেতে তারা আপনার দেশ গঠনে সহায়তা এবং কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আছে। ছয় বছর ধরে যুদ্ধবিধ্বস্ত সিরীয় শিশুদের ভোগান্তি ও বৈষম্যের বিষয়ে মালালা বলেন, ‘এ যুদ্ধের জন্য তাদের তো কোনো দোষ নেই, অথচ তারাই অধিকারবঞ্চিত এবং বৈষম্যের শিকার।’

No comments:

Post a Comment