বেনাপোল
চেকপোস্ট আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশনে ভিসা জটিলতার কারণে বিভিন্ন দেশের
(বিদেশী) শতাধিক পাসপোর্টযাত্রী আটকে আছে। বুধবার সকাল থেকে বিদেশী
পাসপোর্ট যাত্রীদের হাতে লেখা ভিসা বেনাপোল ইমিগ্রেশন গ্রহণ করছে না। সকালে
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি নির্দেশনা জারির পর ইমিগ্রেশন
পুলিশ এ ধরনের বিদেশী যাত্রীদের বাংলাদেশে প্রবেশ বন্ধ রেখেছে। এদিকে হঠাৎ
করে এ ধরনের সিদ্ধান্তের পর বেনাপোল ইমিগ্রেশনে হাতে লেখা
পাসপোর্টযাত্রীদের ভিসা এন্ট্রি না করায় বিদেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীরা
পড়েছে মহাবিপাকে। ভোর বেলা ইমিগ্রেশনে এসে তারা শীতের মধ্যে খোলা আকাশের
নীচে দাঁড়িয়ে আছে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে না পেরে। বিদেশীদের
মধ্যে হাতে লেখা পাসপোর্টযাত্রী ভারতীয়রাই বেশী। ভারতীয় পাসপোর্টযাত্রীরা
জানান, ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন তাদের হাতে লেখা পাসপোর্টের উপর কোন
বিধি নিষেধ না করায় এবং এন্ট্রি সিল দেয়ায় তারা এদেশে এসে পাসপোর্টের
আনুষ্ঠানিকতা শেষ করতে পারছে না।
ভারতের উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গীতা
বিশ্বাস পাসপোর্ট নং-এমবি ৪৯৯০৮২ এবং মিঠুন চক্রবর্তী পাসপোর্ট নং- এম
৮১১৯৬৯৭১ জানায়, বাংলাদেশে বেড়াতে এসে ভোর বেলায় বেনাপোল এসে পৌছে এখন
পাসপোর্ট এর ভিসা জটিলতার কারণে তারা সমস্যায় পড়েছে। বেনাপোল চেকপোস্ট
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, হাতে লেখা
ভিসা কোনো পাসপোর্টধারী যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করতে দেয়া
হবে না। এ রকম একটি পরিপত্র অফিসিয়াল ভাবে আসায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে
এটা শুধু ২০১৭ সালের জানুয়ারি মাসের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি আরো
বলেন, ২০১৬ সালের যে সমস্ত হাতে লেখা পাসপোর্ট রয়েছে তাদের প্রবেশ করতে
দেয়া হচ্ছে। তিনি জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশকে জানুয়ারি মাসে হাতে লেখা
ভিসার মাধ্যমে বিদেশী যাত্রীদের বাংলাদেশে না পাঠানোর জন্য জানানো হয়েছে।
এখন যারা বাংলাদেশে আসতে চান অবশ্যই তাদের ডিজিটাল স্টিকার লাগানো ভিসা
আনতে হবে। ইতোমধ্যে যারা বাংলাদেশে ঢুকে পড়েছেন তাদের মধ্যে শুধুমাত্র
বিশ্ব ইজতেমায় আসা যাত্রীদের ছাড় দেয়া হচ্ছে। ভারতসহ অনান্য দেশের
যাত্রীদের ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

No comments:
Post a Comment