প্রসিদ্ধ
সানাই শিল্পী বিসমিল্লাহ খাঁয়ের সংগ্রহে থাকা চারটি অমূল্য সানাই চুরির
ঘটনায় তার নাতি ও দু'জন স্বর্ণকারকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। মঙ্গলবার
বিকালে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্কফোর্স তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুই স্বর্ণকারের কাছে ওই সানাইগুলি মাত্র ১৭ হাজার টাকায় বিক্রি
করে দেয়া হয়েছিল। এসময় রুপায় বাঁধানো ওই সানাইগুলি ভেঙে সেখান থেকে গলিয়ে
বের করা এক কিলোগ্রাম রুপাও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে একটি প্রতিবেদন
করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়,
গতমাসে বেনারসে বিসমিল্লাহ খাঁর ছেলে কাজিম হুসেইনের বাড়ি থেকে সানাইগুলি
চুরি হয়। উত্তরপ্রদেশ পুলিশের কর্মকর্তা এস আনন্দ বলেন, 'আমাদের প্রথম
থেকেই সন্দেহ ছিল পরিবারের মধ্যে থেকেই কেউ এই চুরিটা করেছে। সবার ওপরেই
নজর ছিল। উস্তাদজির নাতি নাজরে হাসান ওরফে সাদাবকে জিজ্ঞাসাবাদ করার পরে সে
স্বীকার করেছে, চুরিটা সে-ই করেছে'। আটককৃত নাজরে হাসানের বাবা কাজিম
হুসেইনই পুলিশের কাছে চুরির অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ বলছে, শুধুমাত্র
অর্থের লোভে অমূল্য এই সানাইগুলি সামান্য টাকায় বিক্রি করে দেয়া হয়েছিল।
সাদাবের কোনো ধারণাই ছিল না ওই সানাইগুলোর কত দাম হতে পারে।
পুলিশের
কর্মকর্তা আনন্দ আরও বলেন, এমনিতেই এটা অমূল্য জাতীয় সম্পদ, এর হিসাব টাকায়
হয় না। কোনো কাজকর্ম করে না সাদাব, ওর কোনো রোজগারও নেই। শুধুমাত্র টাকার
জন্যই সানাইগুলো চুরি করেছিল সে। রুপায় বাঁধানো ওই সানাইগুলির মধ্যে একটি
বিসমিল্লাহ খাঁ বিশেষ অনুষ্ঠানে বাজাতেন। বাকি তিনটি তিনি উপহার পেয়েছিলেন
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, কংগ্রেস নেতা কপিল সিব্বল আর
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কাছ থেকে। বিসমিল্লাহ
খাঁয়ের পরিবার অনেকদিন ধরেই তার বাদ্যযন্ত্র, পুরষ্কার সহ অন্যান্য
স্মরণিকাগুলির জন্য একটি সংগ্রহশালা তৈরির দাবি করছে। এর আগেও বেনারসে তার
বাড়িতে তালা ভেঙ্গে চুরি হয়েছে।

No comments:
Post a Comment