মার্কিন
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা আরও রমরমা
হয়েছে। নির্বাচনে জয়ের পর নিজ প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর হাল ধরেছেন তার
দুই ছেলে। আবাসন ব্যবসায়ী হিসেবে ট্রাম্প বেশি পরিচিত হলেও হোটেল ও ক্লাবের
ব্যবসায়ে বেশ সুনাম ও অর্থ কুড়িয়েছেন। এরই মধ্যে ট্রাম্প হোটেলের পরিসর
বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে।
এছাড়া তার ক্লাব মার-এ-লাগোর সদস্য ফি
বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিলেও ব্যবসায়িক
ছেলেদের হাত ধরেই এগিয়ে চলেছে তার প্রতিষ্ঠানগুলো। সমালোচকদের অভিযোগ,
ট্রাম্পের প্রেসিডেন্সিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক প্রসার বাড়াচ্ছেন তারা।
খবর ব্ল–মবার্গ সিএনবিসি ও বিজনেস ইনসাইডারের। ট্রাম্প হোটেলের নির্বাহী
প্রধান (সিইও) এরিক ড্যানজিগার বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে আরও তিনগুণ
হোটেলের শাখা খোলা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে এক শিল্প সম্মেলনে ড্যানজিগার
বলেন, ‘যুক্তরাষ্ট্রের ২৬টি মেট্রোপলিটন এলাকা রয়েছে। এর মধ্যে বর্তমানে
ট্রাম্প হোটেলের শাখা রয়েছে ৫ শহরে।’ ড্যানজিগার আরও বলেন, ইতিমধ্যে ডালাস,
সিয়াটল, ডেনভার এবং সানফ্রান্সিসকোতে শাখা খোলার ব্যাপারে কার্যক্রম
সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, হংকং এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারেও
ট্রাম্প হোটেলের শাখা বিস্তৃত করার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ৪ বা ৮
বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে কোম্পানির শাখাগুলো চালু করার পরিকল্পনা
রয়েছে বলেও জানান ড্যানজিগার। ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে তার
ব্যবসার দেখভাল করছেন তার দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
ড্যানজিগার আরও বলেন, চলতি বছরের মধ্যেই কোম্পানির প্রথম স্বল্প পরিসরে
অভিজাত-ব্র্যান্ডের হোটেলের শাখা খোলা হবে। এছাড়া অন্যান্য ছোট বাজারেও ওই
ব্র্যান্ডের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ট্রাম্প
অর্গানাইজেশনের মালিকানাধীন ফ্লোরিডার পামবিচে অবস্থিত মার-এ-লাগো
রিসোর্টের সদস্য ফি দ্বিগুণ হয়েছে। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর ১ লাখ
ডলার থেকে বাড়িয়ে ২ লাখ ডলারে করা হয়েছে। ট্রাম্পের ক্লাব হিসেবেই বেশি
পরিচিত এটি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের কর্মকর্তারা বলেছেন, ১ জানুয়ারি
থেকে এ ফি চালু কার্যকর হয়েছে।
আগামীতে এ ফি আরও বাড়ানো হবে বলেও জানান
তারা। ট্রাম্প অর্গানাইজেশনের মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি
হননি। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের জয়কে সুযোগ হিসেবে ব্যবহার করছে
ট্রাম্প অর্গানাইজেশন। তবে ক্লাবের সদস্য ফি বাড়ানোর বিষয়টি ‘স্বাভাবিক’
বলে উল্লেখ করেছেন বারাক ওবামার সাবেক আইনজীবী নর্ম এইজেন। তিনি বলেন,
ক্লাবের মালিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় ফি বাড়ানোর মতো এ ধরনের
শোষণ অস্বাভাবিক নয়। এছাড়া ক্লাবের সদস্যদের জন্য যুক্তরাষ্ট্রের ৪৫তম
প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ রাখা হয়েছে। ক্লাবটিকে ‘শীতকালীন
হোয়াইট হাউস’ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। নির্বাচনের পর
দু’বার সেখানে গেছেন তিনি। প্রথমবার ভক্তদের উদ্দেশে ধন্যবাদ সমাবেশে এবং
পরে ক্রিসমাস ও নতুন বছরের ছুটি কাটাতে। ১ লাখ ১০ হাজার বর্গফুট এলাকাজুড়ে
তৈরি ওই রিসোর্টে মোট কক্ষের সংখ্যা শতাধিক। রয়েছে ট্রাম্প ও তার পরিবারের
জন্য ব্যক্তিগত কক্ষ। ২০১২ সালের আগে মার-এ-লাগো ক্লাবের সদস্য ফি ছিল ২
লাখ ডলার। ওই বছরই তা কমিয়ে ১ লাখ ডলার করা হয়।

No comments:
Post a Comment