Saturday, January 7, 2017

ভবন পরিত্যক্ত : বছর ধরে পাঠদান চলছে খোলা মাঠে

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি এক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর থেকে ওই ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরিত্যক্ত ঘোষণার এক বছর পার হয়ে গেলেও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। এতে বাধ্য হয়েই বিদ্যালয়ের মাঠেই পাঠদান করা হয় শিক্ষার্থীদের। রোদ-বৃষ্টি-শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচেই নতুন বছরেও চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। স্কুল কর্তৃপক্ষের তথ্য মতে, ১৯৭৩ সালে সেখানে তিন কক্ষবিশিষ্ট মাটির তৈরি ঘর করে স্কুলের কার্যক্রম  শুরু হয়। এরপর স্থানীয় সরকার অধিদফতরের অর্থায়য়ে ১৯৯৪ সালে প্রায় চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে তিন কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়।
সে সময় ভবনটি নিন্মমানের উপকরণ দিয়ে তৈরি করায় মাত্র ২০ বছরেই ভবনের ছাদের পলেস্তার খসে পরতে থাকে। দেয়াল ও ছাদে দেখা দেয় বড় বড় ফাটল। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ বিদ্যালয়টি পরিদর্শন করে ওই ভবনটি গত বছরের প্রথম দিকেই পরিত্যক্ত ঘোষণা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, ভবনটি অতি ঝুঁকিপূর্ণ হওয়াই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত এক বছর থেকে বিদ্যালয়ের বাইরে পাঠদান করানো হচ্ছে। তবে গত কয়েক মাস আগে বিদ্যালয়ের পাশে দুইটি টিনসেটের ঘর তৈরি করা হয়েছে। সেখানে ঝড়-বৃষ্টি হলে শিক্ষার্থীরা যেন আশ্রয় নিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।প্রধান শিক্ষক আরও জানান, ভবনটি গত এক বছর ধরে ঝুঁকিপূর্ণ থাকায় বিদ্যালয়ে অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। তারা অনেকে অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন। এক বছর আগেও প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি থাকত বেশ ভালো। স্কুল সভাপতি শফিকুল ইসলাম জানান, ভবন ঝুঁকিপূর্ণ হওয়াতে গত এক বছরের বেশি সময় আগে থেকে নতুন ভবনের জন্য কর্তৃক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই সময় পার করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিব জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই গত বছর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং পাশে তাদের ক্লাশ করানো জন্য টিনসেট দিয়ে দুইটি ঘর তৈরি করা হয়েছে। তবে দুইটি ঘরে ক্লাশ করা একটু কষ্ট হচ্ছে। নতুন ভবন তৈরির প্রকল্প অতি শিগগিরই নেয়া হবে।

No comments:

Post a Comment