Saturday, January 14, 2017

নবাবের আগমন নববর্ষ নাকি ঈদে?

টানা প্রায় দুই মাস কলকাতায় শুটিং করে দেশে এলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ছবিতে নবাবি লুকে শুটিংয়ে অংশ নিয়ে দর্শকমহলে বেশ প্রশংসায় ভাসছেন এ তারকা। ‘নবাব’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার জয়দীপ মুখোপাধ্যায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শুভশ্রী। শুটিং শুরুর সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনঅফিসিয়ালি জানানো হয়েছিল পহেলা বৈশাখে মুক্তি দেয়ার লক্ষ্যেই নির্মিত হচ্ছে ছবিটি। এ লক্ষ্যেই টানা শুটিং করে শেষ করা হচ্ছে নবাবের কাজ। কিন্তু এখন শোনা গেলে ভিন্ন খবর। পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে আসছে না ছবিটি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাজ মাল্টিমিডিয়া চাচ্ছে না, বাংলা নববর্ষ উপলক্ষে ছবিটি মুক্তি পাক নবাব।
তারা আগামী ঈদে মুক্তি দিতে ইচ্ছুক। বিষয়টি নিয়ে সম্প্রতি জাজের আবদুল আজিজ ও শাকিব খানের মধ্যে এক রুদ্ধদার বৈঠকও হয়েছে এফডিসিতে। তবে শেষ পর্যন্ত নবাবের জন্য কোন সিদ্ধান্ত হয়েছে সেটা জানা যায়নি। সূত্র জানিয়েছে, একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘বাদশা-২’ নামে একটি ছবির কাজ শিগগিরই শুরু হওয়ার কথা ছিল। সেটি ঈদে মুক্তি লক্ষ্যেই নির্মিত হতো। কিন্তু সে ছবিটির কার্যক্রম সহসাই শুরু হচ্ছে না বলেই ‘নবাব’কে ঈদে নিয়ে যেতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান। স্বভাবতই প্রশ্ন উঠছে কবে মুক্তি পাবে নবাব? পহেলা বৈশাখে না ঈদুল ফিতরে? এদিকে দীর্ঘ দেড় মাস পর দেশে ফিরেই এফডিসির কড়ইতলায় ‘অহংকার’ নামে একটি ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করছেন শাকিব খান ও শবনম বুবলী। এটি পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন লিটন।

No comments:

Post a Comment