Monday, January 30, 2017

নিরপেক্ষ ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম দেবে বিএনপি

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দেবে বিএনপি। গত রাতে গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সার্চ কমিটি নিয়ে দলের ভেতরে ক্ষোভ থাকলেও একটি কার্যকর ইসি গঠনে এ প্রক্রিয়ার শেষ পর্যন্ত বিএনপি ইতিবাচক ভূমিকাই রাখতে চায়। আর এ কারণেই সার্চ কমিটির কাছে দলের বিবেচনায় নিরপে পাঁচজনের নাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বৈঠকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের কাছে সম্ভাব্য ব্যক্তিদের নাম চেয়েছেন। আজকের ভেতরেই নাম দিতে বলা হয়েছে। একটি সূত্রে জানা গেছে, ইসি গঠনে সম্ভাব্য ব্যক্তিদের নামের খসড়া আগেই তৈরি করে রেখেছে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠক মুলতবি করা হয়েছে। আজ আবারো বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। রাত সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল। আজ বিকেল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকেও সার্চ কমিটিতে নাম দেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সাথে সংলাপে বসা ৩১টি রাজনৈতিক দলের প্রত্যেকের কাছে পাঁচটি করে নাম চাওয়া হয়। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এই তালিকা জমা দিতে হবে।

No comments:

Post a Comment