নতুন
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নাম দিতে শুরু করেছে
রাজনৈতিক দলগুলো। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রথম নাম জমা দেয়
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক ওমর
ফারুক সুমন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের কাছে
নির্বাচন কমিশন গঠনে পাঁচটি নাম জমা দেন। এরপর ইসলামী ঐক্যজোটের সহকারী
মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, খেলাফত মজলিশের নায়েবে আমির সৈয়দ মজিবর
রহমান, ন্যাপের (মোজাফফর) মহাসচিব ইসমাইল হোসেন, জমিয়তে ওলামা ইসলাম
বাংলাদেশ-এর প্রচার সম্পাদক জয়নুল আবেদীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহকারী
দফতর সচিব বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সিনিয়র যুগ্ম মহাসচিব মতিন
সাউদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী শাহ
আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) (জাসদ)
সহসভাপতি হাবিবুর রহমান নাম জমা দেন। তবে কোনো দলই জমা দেওয়া নামগুলো
প্রকাশ করতে চাননি।
এছাড়া আজই নাম জমা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে
প্রতিনিধি দল এ নাম জমা দিবেন। রাষ্ট্রপতির নির্দেশে গত ২৫ জানুয়ারি ছয়
সদস্যের সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ
কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের
মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে
সুপারিশ দেবে। গত শনিবার প্রথম বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও
চারজন নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ দিতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা
রাজনৈতিক দলগুলোর কাছ পাঁচটি করে নাম নেওয়ার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।

No comments:
Post a Comment