প্রথমদিনটি
ছিল তামিম ইকবাল ও মুমিনুল হকের। রেকর্ডস্নাত দ্বিতীয়দিনে ইতিহাসের পাতা
রাঙিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে
স্বপ্নময় দুটি দিন কাটানোর পর শনিবার সিরিজের প্রথম টেস্টের তৃতীয়দিনটা
বাংলাদেশের জন্য কিছুটা সাদামাটাই ছিল। যদিও সাব্বির ঝলকে তৃতীয়দিনের
শুরুতেও কিউইদের মাথা নুইয়ে ছিল। কিন্তু টম লাথামের হার না মানা শতকে
ওয়েলিংটন টেস্টের তৃতীয়দিনটা শেষপর্যন্ত নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।
লাথামের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
তিন উইকেটে ২৯২ রানে
তৃতীয়দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এর আগে দিনের প্রথম ঘণ্টায় সাব্বির
রহমানের (৫৪*) ফিফটির পর আট উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল
বাংলাদেশ। মোটাদাগে তৃতীয়দিনটা নিউজিল্যান্ডের হলেও ম্যাচে এখনও বাংলাদেশই
এগিয়ে আছে। সাত উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে এখনও ৩০৩ রানে পিছিয়ে
নিউজিল্যান্ড। শুধু ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ১০৪ রান। তৃতীয়দিনের খেলা
শেষে নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর যা বললেন, তাতে
স্পষ্ট যে এখনও অস্বস্তিতে আছে কিউইরা। আজ প্রথম সেশনে নতুন বলের তোপ সামলে
ফলো-অন এড়ানোই নাকি আপাতত তাদের মূল লক্ষ্য! তৃতীয়দিন শেষে লাথাম ১১৯ ও
হেনরি নিকোলস ৩৫ রানে অপরাজিত। ছোট্ট ঝড় তুলে কালই ফিরে গেছেন দলের দুই
সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও টেলর। কিন্তু ইনিংসের হাল ভালোভাবেই ধরে
রেখেছেন লাথাম। তার ষষ্ঠ টেস্ট শতক আশার আলো দেখাচ্ছে কিউইদের। তৃতীয়দিনে
বেসিন রিজার্ভের উইকেটে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। তারপরও বাংলাদেশের
অনভিজ্ঞ পেস আক্রমণ খারাপ করেনি। অভিষিক্ত তাসকিন আহমেদের প্রথম টেস্ট
শিকার উইলিয়ামসন। বাকি দুই উইকেট নিয়েছেন আরেক তরুণ পেসার কামরুল ইসলাম
রাব্বি। ক্যাচ-ভাগ্য ও ফিল্ডিং আরেকটু ভালো হলে শুভাশিস ও অফ-স্পিনার
মেহেদি হাসান মিরাজও উইকেটের দেখা পেতে পারতেন। বাংলাদেশ থাকতে পারত আরও
ভালো অবস্থানে। হাফ চান্স মিলিয়ে কাল গোটাপাঁচেক সুযোগ নষ্ট করেছেন
ফিল্ডাররা।
টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু
স্লিপে জিত রাভালের সহজ ক্যাচ ফেলে দেন সাব্বির রহমান। পরে নিজের প্রথম বলে
রাভালকে (২৭) ফিরিয়ে ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রাব্বি। পরের তিনটি
জুটিতেও ফিফটি ছাড়িয়েছে কিউইরা। প্রতিটিতেই ছিলেন লাথাম। ৫৫ বলে ৫৩ করে
তাসকিনের অসাধারণ এক ডেলিভারিতে থামেন উইলিয়ামসন। ৫১ বলে ৪০ করে রাব্বির
শর্ট বলের ফাঁদে ধরা দেন টেলর। তিনবার জীবন পাওয়া নিকোলসকে নিয়ে অবিচ্ছিন্ন
চতুর্থ উইকেটে এরই মধ্যে ৮৭ রান যোগ করেছেন লাথাম। এর আগে সকালে ১৬ ওভার
ব্যাট করে আরও ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সাব্বির ৮৬ বলে
সাত চারে ৫৪ রানে অপরাজিত থাকেন। আট উইকেটে ৫৯৫ টেস্টে বাংলাদেশের দ্বিতীয়
সর্বোচ্চ ইনিংস। ড্রেসিংরুমে বসে ইনিংস ঘোষণা করলে কাল কিপিং করতে পারেননি
অধিনায়ক মুশফিকুর রহিম। আগেরদিন ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন।
ব্যথা থাকায় কাল সকালে হাতে এক্স-রে করা হয় তার। এক্স-রে রিপোর্টে কোনো চিড়
ধরা না পড়লেও এই টেস্টে সম্ভবত আর কিপিং করবেন না মুশফিক। তবে প্রয়োজন হলে
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন। অধিনায়কের অনুপস্থিতিতে কাল কিপিং
করেছেন ইমরুল কায়েস।

No comments:
Post a Comment