Saturday, January 21, 2017

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ

ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন জাতীয় প্রেস ক্লাব ভবনের বাইরে ট্রাম্পের শপথ গ্রহণ উপলক্ষে ‘ডিপ্লোরেবল’ ( শোচনীয়) ভেন্যুতে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী ও ট্রাম্প সমর্থকরা একে অন্যের প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ করে এবং শেষ পর্যন্ত তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা চিৎকার করে ট্রাম্প সমর্থকদেরকে ‘বর্ণবাদী’ ও ‘নাৎসি’ বলে গালি দিতে থাকেন। এর এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের প্রেস ক্লাব ভবনের বাইরে জড়ো হয় কয়েকশ’ প্রতিবাদকারী। তারা এসে জড়ো হয় ডিপ্লোরেবল ভেন্যুতে। নির্বাচনী প্রচারণা চলার সময় ট্রাম্প সমর্থকদের ‘বাস্কেট অব ডিপ্লোরেবলস’ বলে অভিহিত করেছিলেন হিলারি ক্লিনটন। এরপর থেকেই ওই স্থানটিকে ডিপ্লোরেবল নামে অভিহিত করা হয়।
এদিকে মঙ্গলবার রাত থেকে ওই রাস্তায় বিক্ষোভকারীদের গাড়ি আটকে দেয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্লাব এবং আশপাশের এলাকায় টহল দেয় দাঙ্গা পুলিশের দুটি দল। ডিপ্লোরেবল এলাকায় ট্রাম্পের পক্ষে জড়ো হয় রিপাবলিকান সমর্থক উগ্র ডানপন্থীরা। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্পবিরোধীদের প্রতিবাদ র‌্যালিতে পিপার স্প্রে করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ট্রাম্পবিরোধীদের অনেকে রিপাবলিকান দলের প্রতীক হাতির প্রতিকৃতি বানিয়ে তাতে ‘রেসিজম’ (বর্ণবাদ) লিখে হাজির হয়েছেন। কেউ কেউ ‘ডাকাত প্রেসিডেন্টের অভিশংসন চাই’ লেখা ব্যানার নিয়ে জড়ো হয় অনুষ্ঠানের বাইরে। ওই ঘটনায় ৩৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ট্রাম্পবিরোধী এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সবচেয়ে বড় প্রতিবাদের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বিক্ষোভাকারীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

No comments:

Post a Comment