Tuesday, January 31, 2017

আ’লীগের উপদেষ্টা পরিষদে স্থান পেলেন সেই মুকুল বোস

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পেলেন সংস্কারপন্থী হিসেবে দীর্ঘদিন পদহীন থাকা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ মঙ্গলবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মুকুল বোস। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যখন দুই নেত্রীকে বাদ দেওয়ার কথিত ‘মাইনাস টু’ তত্ত্ব নিয়ে আলোচনা চলছে, বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন জ‌্যেষ্ঠ নেতার মত মুকুল বোসও সংস্কারপন্থি হিসাবে পরিচয় পান।
শেখ হাসিনার অবস্থানের বিপক্ষে যাওয়ায় সে সময় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের তোপের মুখেও পড়তে হয়েছিল মুকুল বোসকে। দলীয় সভানেত্রীর আস্থাভাজন জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সে দফা রক্ষা পান তখনকার এই যুগ্ম সাধারণ সম্পাদক। ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সালে দলের ১৮তম জাতীয় সম্মেলনে পদ হারান মুকুল বোস।

No comments:

Post a Comment