হায়দরাবাদে
আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট। সেই
টেস্টের টিকিটের মূল্য নির্ধারণ করেছে হায়দেরবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
টেস্টে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার আসন নির্ধারিত থাকবে বলে
সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এমনটা
জানিয়েছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়ালের বরাত দিয়ে দ্য
হিন্দু জানায়, ১০০ রূপি থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকিটের
মূল্য। টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার রূপি। অনলাইনে ইভেন্টস নাউ এর
ওয়েবসাইট www.eventsnow.com থেকে টিকিট ক্রয় করা যাবে।
৫৫ হাজার দর্শক
ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার আসন
নির্ধারিত করা হয়েছে। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন গ্যালারি থাকবে
শিক্ষার্থীদের দখলে। এ ব্যাপারে এইচসিএ’র সেক্রেটারি কে. জন মনোজ বলেন,
“আমরা স্কুলে স্কুলে এ ব্যাপারে বিজ্ঞপ্তি পাঠাবো। তাদের অনুরোধ করবো তারা
যদি স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে চায় তাহলে আমাদের আগে থেকে অবগত করা হয়,
যাতে করে প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করা যেতে পারে।” প্রতিদিন একটি স্কুল
থেকে সর্বোচ্চ পাঁচ শ' জন শিক্ষার্থী আসতে পারবে বলে জানান মনোজ। ৯
ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ।
টেস্ট ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত তহবিল এইচসিএ’র আছে কিনা তা নিয়ে আর
কোনো সংশয় নেই বলে জানান তিনি। এখন টেস্ট ম্যাচ আয়োজনের জন্য পুরোদমে
প্রস্তুতি চলছে। এছাড়া হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি
ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচের জন্য জিমখানা গ্রাউন্ডকেও প্রস্তুত করে
তোলা হচ্ছে।

No comments:
Post a Comment