
আইএফআইসি ব্যাংক-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘আজীবন সম্মাননা’ এবং ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৫’ প্রদান করা হয়েছে। ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন আলোকিত মানুষ গড়ার কারিগর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আর ‘ম-বর্ণের শোভিত মুকুট’-এর জন্য কবি অসীম সাহা এবং ‘তলকুঠুরির গান’-এর জন্য ওয়াসি আহমেদ-কে সাহিত্য পুরস্কার-২০১৫ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার পলটনস্থ আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে আজীবন সম্মাননা ও সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বিশিষ্ট কবি কামাল চৌধুরী এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ ছাড়া আইএফআইসি ব্যাংক-এর চেয়ারম্যান সালমান এফ. রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার-সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আইএফআইসি ব্যাংক-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে পাঠক সৃষ্টির সামাজিক আন্দোলন ও সাহিত্য চর্চায় অনন্য অবদানের জন্য আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা হিসেবে ৪০ লাখ টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অন্যদিকে ২০১৫ সালের সেরা লেখক অসীম সাহা এবং ওয়াসি আহমেদ-এর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও ৫ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক লেখকদের সৃজন প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে সাহিত্যের ছয়টি শাখা থেকে বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংস্করণের সেরা দু’টি বইয়ের জন্য ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এই সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। অর্থমূল্যে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।
>>>মানবজমিন
No comments:
Post a Comment