Sunday, January 15, 2017

লিড পেয়েও টাইগার শিবিরে অস্বস্তি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ১২২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। হাতে রয়েছে এখনও ৭ উইকেট। এরপরও টাইগার শিবিরে অস্বস্তি বিরাজ করছে। কারণ স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে গুটিয়ে প্রথম ৫৬ রানের লিড নেয়ার পর শেষ বিকালে বাংলাদেশ হঠাৎ হারিয়ে বসেছে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দারুণ শুরু এনে দেন। দলীয় ৪৬ রানের সময় ২৪ করা ইমরুল বাম ঊরুর চোটে পড়ে মাঠ ছাড়েন। সেখান থেকে তাকে সোজা নেয়া হয়েছে হাসপাতালে। এক্স-রে করানোর পর বোঝা যাবে তার চোটের অবস্থা। মাঠ থেকে ইমরুলের বিদায়েই পথ হারায় বাংলাদেশ। দলীয় ৫০ রানে তামিম ইকবাল বোল্ড হন মিশেল স্যাটনারের বলে। তিনি ২৫ রান করেন। মাহমুদউল্লাহ এসে ওয়েংগারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। আর দলীয় ৬৬ রানে আসে চরম অস্বস্তিটা।
স্যাটনারের সরাসরি থ্রোতে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। বিনা উইকেটে ৪৬ থেকে বাংলাদেশের স্কোর গিয়ে দাড়ায় তিন উইকেটে ৬৬ রান। এখান থেকে সোমবার শেষ দিনের খেলা শুরু করবেন ১০ রানে অপরাজিত থাকা মুমিনুল হক। তবে তার সঙ্গী কে হবেন, এখনও নিশ্চিত নয়। তিন উইকেট হারালেও মূলত এটি ধরতে হবে ৫ উইকেট। ইমরুল ব্যাট হাতে ফিরতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। আর ইতিমধ্যে ইনজুরিতে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে নিশ্চিত ড্র হতে যাওয়া টেস্টের শেষ দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এর আগে চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে চা বিরতির পর নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে টাইগাররা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা যোগ করে ২৪৭ রান। বাংলাদেশের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ৮৭ রানে নেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট পান সাকিব, মাহমুদউল্লাহ ও শুভাশীষ রায়। এর আগে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭) ও মুশফিকুর রহিমের সেঞ্চুরির (১৫৯) ওপর ভর করে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

No comments:

Post a Comment