Sunday, January 15, 2017

বগুড়ায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট

বগুড়া শহরের গালাপট্টি এলাকায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শত-শত মানুষের সামনে গালাপট্টি এলাকায় আল-হাসান জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও ককটেলের আঘাতে দোকান মালিক ছাড়াও আরো দুই কর্মচারি আহত হয়েছেন। দুর্বৃত্তরা দোকান থেকে একশ’ ভড়ির বেশি স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌন ৭টার দিকে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত শহরের এমএ খান লেনে গালাপট্টি এলাকায় আল-হাসান জুয়েলার্সের সামনে অবস্থান নিয়ে মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ সুযোগে দুর্বৃত্তরা জুয়েলার্সে প্রবেশ করে দোকান মালিক গুলজার রহমানকে ছুরিকাঘাত করে। এসময় দুর্বৃত্তরা দোকানের ভিতরে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দোকান কর্মচারি রবিউল ইসলাম ও জাকির হোসেন আহত হন। দুর্বৃত্তরা দোকান থেকে একশ’ ভরির বেশি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় গালাপট্টি মোড় ও ফতেহআলী মোড় এলাকায় ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চেলোপাড়া হয়ে পালিয়ে যায়। ব্যবসায়িরা জানান, গত ৩০ বছরের মধ্যে বগুড়া শহরে এধরনের ডাকাতির ঘটনা ঘটেনি। শহরের সাতমাথা থেকে ২শ’ গজ দুরে আল-হাসান জুয়েলার্সে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ পুলিশকে খবর দেয়ার পরেও দেরি করে আসায় ডাকাতদল নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানিয়েছেন, বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর থানার নয়মাইল এলাকায় ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাস ফেলে পালানোর সময় পুলিশ মাইক্রোবাসটিসহ (ঢাকা-মেট্রো-চ১৫-৯১৭৩) একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

No comments:

Post a Comment