Monday, January 16, 2017

জাতীয় জুনিয়র কুস্তি

কেএন হার্বার কনসোর্টিয়াম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার শহীদ (ক্যাপ্টেন) এমএ মুনসর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকালে দু’দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেএন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মোস্তাক। প্রথমদিনে সব ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক (১৮-২০ বছর) গ্রুপে ৪৬ থেকে ৫০ কেজি, ৫৫, ৬০, ৬৬, ৭৪, ৮৪, ৯৬ ও ৯৬-১২০ কেজি ওজন শ্রেণীতে এবং বালিকা (১৮ থেকে ২০ বছর) গ্রুপে ৪০ থেকে ৪৪ কেজি, ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৬৭ ও ৭২ কেজি ওজন শ্রেণীতে খেলাগুলো হবে। দেশের ২১ জেলা ক্রীড়া সংস্থার ১৬টি ওজন শ্রেণীতে ৯১ জন বালক ও ৬৩ জন বালিকা কুস্তিগীর অংশ নিচ্ছেন।
বিজয় দিবস কাবাডি
বিজয় দিবস কাবাডিতে জিতেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সেনাবাহিনী পাঁচটি লোনাসহ ৬৫-৪২ পয়েন্টে বাংলাদেশ জেলকে এবং বিজিবি চারটি লোনাসহ ৫১-১৬ পয়েন্টে হারায় ফায়ার সার্ভিসকে। আজ জেল ও ফায়ার সার্ভিস এবং বিজিবি ও পুলিশ মুখোমুখি হবে।
জাতীয় যুব হকি
৩৯ জেলা ও বিভাগীয় দলের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় যুব হকি প্রতিযোগিতা। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগ ৫-১ গোলে ঠাকুরগাঁওকে, টাঙ্গাইল ৪-০ গোলে মেহেরপুরকে এবং বিকেএসপি ৮-০ গোলে বরিশালকে হারায়।

No comments:

Post a Comment