রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকসহ
চার নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাত
আড়াইটার দিকে তাদেরকে আটক করে নিয়ে যায় মতিহার থানা পুলিশ। আটককৃতরা হলেন-
হল শাখা শিবিরের সভাপতি আবু জাফর (দর্শন, মাস্টার্স), সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম (সমাজকর্ম, মাস্টার্স), অর্থ সম্পাদক এনামুল ইসলাম (ইসলামিক
স্টাডিজ, মাস্টার্স) ও শিবির নেতা আব্দুল আলিম (সমাজবিজ্ঞান, চতুর্থ বর্ষ)।
এদের মধ্যে এনামুল ইসলাম নাশকতার মামলায় গ্রেফতার হয়ে দুই মাস জেলে ছিলেন
বলে জানা গেছে। হল সূত্র জানায়, সোমবার রাতে সাংগঠনিক কাজে রাবি
ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু
সাংগঠনিক কাজে শহীদ হবিবুর রহমান হলে যান। হল শাখা নেতাকর্মীদের মাধ্যমে
শিবির নেতাদের হলে অবস্থানের খবর জেনে ১৪১ নং কক্ষে তল্লাশি শুরু করেন।
ওই
কক্ষের আবাসিক শিক্ষার্থী আব্দুল আলিমের কাছে শিবিরের সাংগঠনিক বিভিন্ন
তথ্য পায় ছাত্রলীগ। এসময় তাকে হুমকি-ধামকি এবং চড়-থাপ্পড় দিলে হলে অবস্থান
করা শিবির নেতাদের সকল তথ্য দেয় সে। আলিমের দেয়া তথ্যে বিভিন্ন কক্ষে
তল্লাশি চালিয়ে হল সভাপতি জাফর, সম্পাদক সাইফুল ও অর্থ সম্পাদক এনামুলকে
ধরে নিয়ে আটকে রাখে। এসময় তাদের কক্ষ থেকে শিবিরের সাংগঠনিক বই,
ক্যালেন্ডার, ডায়েরি, নোটপ্যাড, অর্থ বিভাগের দুই হাজার টাকা ও ওই হল
শাখার নেতাকর্মীদের তালিকা পাওয়া যায়। রাত আড়াইটার দিকে শিবিরের চার নেতাকে
মতিহার থানা পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ। রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম
কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু যুগান্তরকে জানান, সুনির্দষ্ট
অভিযোগের ভিত্তিতে আমরা হলের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েকটি
কক্ষে তল্লাশি চালিয়ে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করি। পুলিশ আইন অনুযায়ী
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) হুমায়ন কবির যুগান্তরকে বলেন, ক্যাম্পাস থেকে মধ্যরাতে চারজনকে আটক
করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

No comments:
Post a Comment