Tuesday, January 31, 2017

৩ ছাত্রলীগ নেতাকর্মীকে কুপিয়ে জখম

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশংকাজনক। অপর আহত দু’জন মবরুর ও তানিমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে ছাত্রলীগ ও ছাত্রদলের  কয়েকজন মিলে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহত সাবেক ছাত্রলীগ নেতা রাজন চৌধুরীর ভাই সাজন চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন চৌধুরী, ছাত্রলীগকর্মী মবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন।
এসময় মুখোশ পরিহিত ৪-৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। আহত রাজনের ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজন চৌধুরী জানান, ছাত্রলীগের মঞ্জুর, ছয়েফ, জুনেদ ও ছাত্রদলের উজ্জল এবং সজল আমার ভাইয়ের ওপর হামলা করেছে। তবে কী কারণে তারা হামলা চালিয়েছে বিষয়টি তার জানা নেই বলে উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে শাহপরাণ (র.) থানার ওসি শাহজালাল মুন্সী যুগান্তরকে বলেন, হামলার পর ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এতে কেউ আটক বা গ্রেফতার নেই। এ ব্যাপারে কোনো অভিযোগও পাওয়া যায়নি। এর আগে সোমবার দুপুরে টিলাগড়ের পার্শ্ববর্তী এমসি কলেজে ছাত্রদলের মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীদের ধারণা দুপুরে ছাত্রদলের মিছিলে হামলার জের ধরেই এ হামলা হতে পারে। তবে অপর এক সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার অনুসারীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

No comments:

Post a Comment