ন্যুক্যাম্পে
ভাগ্য ফিরল না রিয়াল সোসিয়েদাদের। অতিথিদের উড়িয়ে দিয়ে স্প্যানিশ কাপের
সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোপা দেল রে
টুর্নামেন্টের প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে নেইমারের গোলে ১-০তে এগিয়ে থাকা
বার্সেলোনা বৃহস্পতিবার রাতে জিতেছে ৫-২ গোলে। প্রথমার্ধে ডেনিস সুয়ারেজের
গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান
দ্বিগুণ করেন লিওনেল মেসি। হুয়ানমি একটি গোল শোধ করলেও সঙ্গে সঙ্গেই লুইস
সুয়ারেজের লক্ষ্যভেদে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। উইলিয়ান হোসে
দুর্দান্ত হেডে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। আর্দা তুরান
আর ডেনিসের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় লুইস এনরিকের দলের। বার্সেলোনার
মাঠে এর আগের ছয় ম্যাচে ২২ গোল হজম করেছিল সোসিয়েদাদ। এবারও গোলবন্যা
ঠেকাতে পারেনি দলটি। ম্যাচের ১৭ মিনিটে প্রথম ভালো সুযোগটাই কাজে লাগায়
স্বাগতিকরা। লুইস সুয়ারেজের আলতো টোকায় ডি-বক্সের ডানদিকে বল পেয়ে কোনাকুনি
শটে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দেন ডেনিস সুয়ারেজ। ৫৪ মিনিটে হোসের শট
ঠেকিয়ে বিপদ হতে দেননি ইয়াসপের সিলেসেন।
পরের মিনিটেই পেনাল্টি থেকে
ব্যবধান বাড়ান মেসি। ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে ডি-বক্সে মার্টিনেস ফাউল
করলে স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৬২ মিনিটে হুয়ানমির দুর্দান্ত
গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সোসিয়েদাদ। চাপের মুখে সিলেসেনের মাথার ওপর
দিয়ে বল জালে পাঠান বদলি হিসেবে নামা স্প্যানিশ এই ফরোয়ার্ড। তবে জবাবটা
পরের মিনিটেই দিয়ে দেয় বার্সেলোনা। মেসির বাড়ানো বলে উরুগুয়ের স্ট্রাইকার
সুয়ারেজের নিখুঁত ফিনিশিংয়ে আবার দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৩ মিনিটে
দুর্দান্ত হেডে আবার ব্যবধান কমিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন হোসে। তবে দুই
মিনিটের ব্যবধানে দুই গোলে ম্যাচে ফেরা হয়নি সোসিয়েদাদের। ৮০ মিনিটে
ডি-বক্সের ডানদিকে মেসির বাড়ানো বলে ভিদালের নিচু ক্রসে সুয়ারেজ পা লাগাতে
পারেননি। তবে সুযোগটা হারাননি তার পেছনেই থাকা তুরান। পা বাড়িয়ে খুব কাছ
থেকে বল জালে পাঠিয়ে দেন নেইমারের বদলি হিসেবে নামা তুরস্কের এই
মিডফিল্ডার। দুই মিনিট পর আবারও মেসির বাড়ানো বলে ডান-পায়ের স্পর্শে
গোলরক্ষককে কাটিয়ে বাঁ-পায়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার
ডেনিস। সেমিফাইনালে ২৮ বারের কোপা দেল রে জয়ী বার্সেলোনার সঙ্গী সেল্টা
ভিগো, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আলাভেস। দুই লেগ মিলিয়ে সেল্টা ভিগোর কাছে ৪-৩
গোলে হেরে বিদায় নেয় ১৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ওয়েবসাইট।

No comments:
Post a Comment