Thursday, January 26, 2017

এবার অবরুদ্ধ ট্রাস্টি বোর্ডের সচিব ডা. নীনাসহ ৩ সদস্য

এবার চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ট্রাস্টি বোর্ডের সদস্যদের অবরুদ্ধ করলেন বিএমডিসির নিবন্ধন দাবিতে আন্দোলনরত এমবিবিএস কোর্সের তিন ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব জাতীয় অধ্যাপক ডা. নরুল ইসলামের মেয়ে ডা. নীনা ইসলাম, সহসভাপতি ও ডা. নুরুল ইসলামের অপর মেয়ে ইঞ্জিনিয়ার দীনা ইসলাম এবং বোর্ডের সদস্য ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সাবেক পরিচালক জালাল উদ্দিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইউএসটিসি ক্যাম্পাসে আসেন। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ফয়’স লেকে ক্যাম্পাসের আউটার গেটে আটকে দেন। তারা ‘এক দফা এক দাবি বিএমডিসির নিবন্ধন কবে দিবি’- এ ধরনের নানা স্লোগান দেন। কয়েকশ’ শিক্ষার্থী গেটের সামনে বসে মুহুর্মুহু স্লোগান দিতে থাকলে একপর্যায়ে ইউএসটিসি ট্রাস্টি বোর্ডের সদস্যরা গাড়ি থেকে নেমে যান। ভিসিসহ শিক্ষকদের মধ্যস্থতায় হেঁটে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। মওলানা ভাসানী হলে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. নীনা ইসলাম। তিনি জানান, বিএমডিসির নিবন্ধনের জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন।
এক থেকে দেড় মাসের মধ্যে অবশ্যই নিবন্ধন পেয়ে যাবেন তারা। রাত ৯টায় ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ট্রাস্টি বোর্ড সদস্যদের বৈঠক রয়েছে উল্লেখ করে ডা. নীনা বলেন, এ বৈঠক থেকে নিশ্চয় একটি সুসংবাদ পাওয়া যাবে। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অজুহাতে বিএমডিসি যে নিবন্ধন দিচ্ছে না, সেটা অন্যায়। কারণ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তারা কোনো অনিয়ম করেননি। ২৫, ২৬ ও ২৭তম ব্যাচে মেডিকেল ফ্যাকাল্টির অধীনে যখন দেশী-বিদেশী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছিলেন তখন নির্দিষ্ট কোনো আসন সংখ্যার কথা বলা হয়নি। তাছাড়া আসন সংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন না থাকলে বিদেশীদের কেন বাংলাদেশে প্রবেশের অনুমতি দিল পররাষ্ট্র মন্ত্রণালয়, সে বিষয়টিও সামনে চলে আসবে। ডা. নীনা শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, ২৩ ডিসেম্বর এসব ব্যাচের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও নিবন্ধন জটিলতার কারণে তা পেছানো হয়েছে। নিবন্ধন পেয়ে গেলে রুটিন রি-শিডিউল করে পরীক্ষা নেয়া হবে। এতে সেশন লস্ট হবে না। এরপর ট্রাস্টি বোর্ডের সদস্যরা ইউএসটিসি একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. এম বদিউল আলম, ইউএসটিসির ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, প্রোভিসি প্রফেসর ড. নুরুল আবছার, এনাটমি বিভাগের প্রধান প্রফেসর ডা. কাজী রফিকুল হক, বিভাগীয় প্রধান ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম মোস্তফা কামালসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment