Thursday, January 19, 2017

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফুরিয়ে যাচ্ছে: ওবামা

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের 'মুহূর্ত অতিক্রান্ত হয়ে যাচ্ছে' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতিস্থাপনের নিন্দা করে গৃহীত জাতিসংঘ রেজ্যুলেশন 'জেগে ওঠার ডাক'। একই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনি সংঘাতে 'আকস্মিক এবং এককভাবে' কোনো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে নিজের উত্তরসূরীকে সতর্ক করে দেন প্রেসিডেন্ট ওবামা।
মূলত ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে দখলকৃত জেরুজালেমে নেয়ার বিষয়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতি ইঙ্গিত করে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি। ওবামা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতিস্থাপন এমন বাস্তবতা তৈরি করছে যেটা দুই-রাষ্ট্র সমাধানকে অসম্ভব করে তুলছে। 'স্থিতাবস্থা টেকসই নয়' ঘোষণা দিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার শুরুর দিকে তার প্রশাসন দুই-রাষ্ট্র সমাধান সংরক্ষণের চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়, কারণ তিনি এর কোনো বিকল্প দেখছিলেন না। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সহযোগিতায় ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরাইলের। আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশপাশের আরব দেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। বসতিস্থাপনের মাধ্যমে এখনো জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় দখলদারিত্ব পোক্ত করে চলেছে দেশটি। এসব বসতিতে বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১০ লাখ ইহুদির বসবাস।

No comments:

Post a Comment