নিউজিল্যান্ডের
ওপর চার দিন রাজত্ব করার পরও জয়ের মালা পরতে পারলো না বাংলাদেশ। ৭ উইকেটে
জয় পেলো কিউইরা। এই হারের জন্য বোলারদের দুষলেন অধিনায়ক মুশফিকুর রহিম।
তিনি মনে করছেন, দুই প্রান্তেই চাপ তৈরি করতে পারলে চিত্রটা ভিন্ন হতে
পারতো। বেসিন রিজার্ভে শেষ দিন ৫৭ ওভারে ২১৭ রানের লক্ষ্য পেয়েছিল
নিউজিল্যান্ড। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়েছিলেন মেহেদি হাসান
মিরাজ। কিন্তু কেন উইলিয়ামসন ও রস টেইলর জুটির দুর্দান্ত ব্যাটিং জয়ের
দ্বারপ্রান্তে নিয়ে গেছে নিউজিল্যান্ডকে। এই জুটির ভাঙন ধরাতে পারলে
ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এক দিকে সাকিব আল হাসান আঁটসাঁট বোলিং করেন
কিন্তু অন্য দিকে সহজেই রান পেয়ে যান উইলিয়ামসন-টেইলর। তাই শুরুতে উইকেট
নেয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
৭ উইকেটে জিতে দুই ম্যাচের
সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। চোটের কারণে দুই ইনিংসের কোনোটাতেই
ফিল্ডিং করতে পারেননি নিয়মিত উইকেটরক্ষক ও অধিনায়ক মুশফিক। সোমবার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান, প্রথম ইনিংসে প্রায় আড়াই দিনের চমৎকার
ব্যাটিংয়ের পরও এমন হারে ভীষণ হতাশ তিনি। “আমাদের কিছু চোট সমস্যা ছিল
কিন্তু ম্যাচটা আমরা হেরেছি বোলিংয়ে। আমাদের দুই দিক থেকেই চাপ তৈরি করা
দরকার ছিল। আমাদের বোলিং অনভিজ্ঞ। আশা করি, ওরা দ্রুত শিখবে,
ক্রাইস্টচার্চে ওরা আরো ভালো করবে।” সাকিব ছাড়া প্রথম টেস্টের বাংলাদেশের
বাকি চার বোলারের মিলিত অভিজ্ঞতা ছিল চার টেস্টের। এই ম্যাচ দিয়ে টেস্ট
অভিষেক হয়েছে শুভাশীষ রায় ও তাসকিন আহমেদের। আগামী শুক্রবার
ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

No comments:
Post a Comment