Monday, January 16, 2017

নারায়ণগঞ্জ আদালত এলাকায় কড়া নিরাপত্তা

আলোচিত সাত খুন মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, এ জন্য নারায়ণগঞ্জ আদালতসহ সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, পুলিশভ্যান ও প্রিজনভ্যান। আজ সোমবার এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করবেন। আদালতে প্রবেশের দুটি ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে প্রবেশের ক্ষেত্রে তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের বাইরেও সতর্ক রয়েছে পুলিশ। সাত খুন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ আসামিকে ইতিমধ্যে আদালতে আনা হয়েছে। বিচারকও আদালতে এসেছেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন মেলে আরেকটি লাশ। নিহত বাকিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

No comments:

Post a Comment