আর
লুকোছাপা নয়, এবার খোলাখুলি ভারতকে হুমকি দিল চীন৷ অবিলম্বে দূরপাল্লার
ক্ষেপণাস্ত্র নির্মাণ বন্ধ না করলে, ‘বন্ধু’ পাকিস্তানকেও দূরপাল্লার
ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করার হুমকি দিল বেইজিং, খবরটি
জানিয়েছে চীনা মিডিয়া৷ বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, ‘অগ্নি-৫’
ক্ষেপণাস্ত্রের পাল্লা বেইজিং ছুঁয়ে ফেলায় চীন বেশ ক্ষুব্ধ। তারা যেকোনো
মূল্যে ভারতের পরমাণু গবেষণা দমিয়ে দিতে চায়৷ আর তাই চীনা মিডিয়াকে সামনে
রেখে একের পর এক তোপ দাগছে বেইজিং৷
চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত
এক সম্পাদকীয়তে বলা হয়েছে, “ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা
আইসিবিএম নিয়ে জাতিসঙ্ঘ কোনো আপত্তি করেনি, সেটা বেশ ভালো কথা৷ আশা করা
যায়, পাকিস্তানও তাদের আইসিবিএমের পাল্লা বাড়ালেও তারা আপত্তি করবে না৷”
একইসঙ্গে পাকিস্তানকে প্রত্যক্ষভাবে সমর্থন দেয়ারও ইঙ্গিত দেয়া হয়েছে ওই
প্রতিবেদনে৷ গ্লোবাল টাইমসকে হাতিয়ার করে চীন এর আগেও নানা কূটনৈতিক
সিদ্ধান্তর কথা জানিয়েছে৷ ওই সম্পাদকীয়তে পাকিস্তানকেও ভারতের সমান পরমাণু
শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে৷ যদিও প্রকাশ্যে চীন দাবি করছে,
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের বিশেষ কোনো মাথাব্যথা নেই৷ ওই
সম্পাদকীয়তেই প্রকাশিত হয়েছে, “ভারত বহুদূর এগিয়ে গেলে চীনও চুপ করে বসে
থাকবে না৷ ভারতের যেকোনো চালাকি ইন্দো-সিনো সম্পর্কে প্রভাব ফেলতে পারে৷”
দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু অস্ত্র তৈরি করে জাতিসঙ্ঘের
নিয়মবিধি ভঙ্গ করেছে বলেও অভিযোগ বেইজিংয়ের৷ গত সোমবার অগ্নি ৪ ও তারও আগে
অগ্নি ৫-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷ যথাক্রমে ৪ হাজার ও ৫
হাজার কিলোমিটার পাল্লার ওই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র
ইউরোপ বা চীনে আঘাত হানতে সমর্থ৷

No comments:
Post a Comment