Tuesday, January 24, 2017

শেষ আটে নাদাল-সেরেনা

শুরু হয়েছিল তারকা পতন দিয়ে। এরপর একে একে খসে পড়েছে অনেক মহাতারকা। কাল অন্তত সেই তালিকাটা আর দীর্ঘ হয়নি। প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস। মেয়েদের শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবার চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয়ায় সেরেনার সামনে এখন এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। মেলবোর্নের রাজত্ব পুনরুদ্ধার করতে পারলেই ফের র‌্যাকিংয়ের শীর্ষে উঠে যাবেন ৩৫ বছর বয়সী মার্কিন কৃষ্ণকলি। ভেঙে দেবেন স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড। সেই পথে মসৃণ গতিতেই ছুটছেন সেরেনা। সোমবার চতুর্থ রাউন্ডে চেক প্রতিপক্ষ বারবোরা স্ত্রিচোভাকে হারালেন সরাসরি ৭-৫,
৬-৪ গেমে। শেষ আটে সেরেনার প্রতিপক্ষ নবম বাছাই জোহান্ন কন্তা। আর ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে মিলোস রাওনিচের মুখোমুখি হবেন নাদাল। ষষ্ঠ বাছাই ফ্রান্সের গায়েল মনফিলসকে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রায়, দু’বছর পর কোনো গ্র্যান্ডস্লামের শেষ আটে উঠলেন এই স্প্যানিশ তারকা। জোকোভিচ ও মারের বিদায়ে ফাইনালের রাস্তাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। নাদালের চোখে তাই ১৫তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন। এএফপি।

No comments:

Post a Comment