Monday, January 23, 2017

বার্সায় নতুন সুয়ারেজের ঝলক

মেসি, সুয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে নেইমার ঝলকে সহজ জয় পেল বার্সেলোনা। রোববার লা লিগায় এইবারকে ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নেন লুইস এনরিকের শিষ্যরা। দুর্দান্ত এই জয়ে তৃতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট হল ১৯ ম্যাচে ৪১। রাতে এইবারের মাঠে ম্যাচের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন সের্হিও বুসকেতস।
তার বদলি হিসেবে মাঠে নামেন স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেজ। বদলি হিসেবে খেলতে নেমে রাতটি স্মরণীয় করে রাখেন সুয়ারেজ। বার্সার হয়ে নিজের প্রথম গোল করেন তিনি। ম্যাচের ৩১তম মিনিটে মেসির জোরাল শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লাগার পর ফিরতি বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জালে জড়ান দেনিস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডান দিক থেকে সুয়ারেজের বাড়ানো বলে টোকা দিয়ে গোল আদায় করে নেন মিসি। ৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান উরুগুয়ের সুয়ারেজ। প্রতিপক্ষ ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।
মেসির সঙ্গে যৌথভাবে এবারও আছেন গোলদাতার তালিকার শীর্ষে, দু'জনেরই গোল ১৫টি করে। যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান নেইমার। ডান দিক থেকে আলেইশ ভিদালের ক্রস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে এ মৌসুমে সব মিলিয়ে নিজের নবম গোলটি করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। দিনের প্রথম ম্যাচে ওসাসুনাকে ৪-৩ গোলে হারিয়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। আর ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে জিদান শিষ্যরা। অন্যদিকে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে ২-২ গোলে ড্র করে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

No comments:

Post a Comment