Wednesday, January 25, 2017

জন্টি রোডসকে ফিল্ডিং পরামর্শক হিসেবে চায় বিসিবি

নিউজিল্যান্ড সফরে বাজে ফিল্ডিং ভুগিয়েছে বাংলাদেশকে। তিনটি করে ওয়ানডে ও টি ২০ এবং দুই টেস্টে গোটাবিশেক ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। দলের সেরা ফিল্ডারদের হাত থেকেও ফসকেছে একাধিক ক্যাচ। বাজে ফিল্ডিংয়ের দৃষ্টান্ত তো ছিলই। তার চেয়েও শংকার ব্যাপার হল, ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে ইনজুরিতে পড়েছেন কেউ কেউ। বাউন্ডারি সীমানায় বল থামাতে গিয়ে ইনজুরিতে পড়েন ইমরুল কায়েস। বিপিএলে মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম বল থামাতে গিয়ে ইনজুরিতে পড়লে নিউজিল্যান্ড সফরের দল থেকেই ছিটকে যান। ডাইভিংয়ে ক্রিকেটারদের অভ্যস্ত করতে এবার ফিল্ডিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডসকে নিয়োগ দেয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। তিনি জানান, ‘আমাদের ক্রিকেটাররা কিছু হলেই ইনজুরিতে পড়ছে। ডাইভ দিতে গিয়ে ইনজুরিতে পড়ে খেলতে পারছে না। ফিল্ডিং কনসালটেন্ট হিসেবে আমরা জন্টি রোডসকে নিয়োগ দিতে আগ্রহী। এখনও আলোচনার মধ্যে রয়েছে ব্যাপারটি। রোডস এলে প্রতিদিন ১০টি করে ডাইভ দেয়া শেখাবেন ফিল্ডারদের। কীভাবে ডাইভ দিতে হয় সেটি আয়ত্ত করবে ক্রিকেটাররা।’ রোডস এলে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন বলে জানান বিসিবি সভাপতি। ২০১৫ সালে জন্টি রোডস শ্রীলংকা জাতীয় দলের ক্রিকেটারদের ১০ দিনের ফিল্ডিং ক্যাম্প করান। ৪৭ বছর বয়সী জন্টি রোডস মিডলঅর্ডার ব্যাটসম্যান হলেও ফিল্ডার হিসেবেই কিংবদন্তির তকমা পেয়েছেন। সর্বকালের সেরা ফিল্ডার হিসেবে ধরা হয় তাকে। প্রোটিয়াদের হয়ে ৫২টি টেস্ট ও ২৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জন্টি রোডস।

No comments:

Post a Comment