Wednesday, January 4, 2017

লাঞ্চের আগে ওয়ার্নারের সেঞ্চুরি

সেঞ্চুরি তার জন্য ডাল-ভাত। ২০১৬ সালেই টেস্ট ও ওয়ানডে মিলিয়ে নয়টি সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। নতুন বছর শুরু করলেন আরও একটি সেঞ্চুরি দিয়ে। এটাও নতুন কিছু নয়। ২০১৫ ও ২০১৬ সালেও বছরের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। ২০১৭ সালটা শুরু করলেন আরও খুনে মেজাজে। কাল সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনে মাত্র ৭৮ বলে সেঞ্চুরি করলেন অসি ওপেনার। তবে এরচেয়েও দ্রুততম টেস্ট শতকের রেকর্ড আছে ওয়ার্নারের। ২০১২ সালে পার্থে ভারতের বিপক্ষে মাত্র ৬৯ বলে তিন অংক ছুঁয়েছিলেন তিনি। তারপরও গতকালের ‘স্পেশাল’ সেঞ্চুরিটি কখনোই ভুলতে পারবেন না ওয়ার্নার। রেকর্ড বইয়ের একটি পাতায় এই সেঞ্চুরিটি তাকে বসিয়ে দিয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের পাশে! টেস্টের প্রথমদিনের মধ্যাহ্ন বিরতির আগেই তিন অংক ছুঁয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন ওয়ার্নার। তার আগে টেস্ট ইতিহাসে এ কীর্তি ছিল মাত্র চারজনের। ওয়ার্নারের দ্রুতগতির সেঞ্চুরি অনুপ্রাণিত করেছে ওপেনিংয়ে তার তরুণ সঙ্গী ম্যাট রেনশকেও। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতককে ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়ার পথে রয়েছেন রেনশ।
দুই ওপেনারের ভিন্ন স্বাদের দুই শতকের সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার শুরুটা হল দুর্দান্ত। তিন উইকেটে ৩৬৫ রানে প্রথমদিন শেষ করেছে স্বাগতিকরা। রেনশ ১৬৭ ও পিটার হ্যান্ডসকম্ব ৪০ রানে ব্যাট করছেন। সিডনির উইকেট কিছুটা স্পিনবান্ধব হলেও প্রথমদিনে পাকিস্তানের বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। লেগ-স্পিনার ইয়াসির শাহ ৩০ ওভারে ১৩২ রান দিয়ে পেয়েছেন মোটে এক উইকেট। বাকি দুই উইকেট গেছে পেসার ওয়াহা রিয়াজের ঝুলিতে। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনেই যেন ম্যাচের সুরটা বেঁধে দেন ওয়ার্নার। ১৫১ রানের উদ্বোধনী জুটিতে তিনি একাই করেন ১১৩ রান! ৯৫ বলের টর্নেডো ইনিংসটি সাজিয়েছেন ১৭টি চারে। সেঞ্চুরি ৭৮ বলে। টেস্টের প্রথমদিনের মধ্যাহ্ন বিরতির আগে তিন অংক ছোঁয়ার কীর্তি ছিল এতদিন ভিক্টর ট্রাম্পার, চার্লস ম্যাকার্টনি, ডন ব্র্যাডম্যান ও পাকিস্তানের মাজিদ খানের। প্রথম তিনজন ওয়ার্নারের স্বদেশী। তবে একটি জায়গায় ওয়ার্নার অনন্য। অস্ট্রেলিয়ার মাটিতে এই কীর্তি তারই প্রথম। সাদা পোশাকে এটি ওয়ার্নারের ১৮তম সেঞ্চুরি। ২০১১ সালের ডিসেম্বরে তার অভিষেকের পর টেস্টে এত সেঞ্চুরি নেই আর কারও। দ্বিতীয় সেশনের শুরুতে ওয়ার্নার-ঝড় থামান ওয়াহাব রিয়াজ। এরপর উসমান খাজা (১৩) ও অধিনায়ক স্টিভেন স্মিথের (২৪) দ্রুত বিদায়ে একটু বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পাকিস্তানকে ম্যাচে ফিরতে দেননি রেনশ ও হ্যান্ডসকম্ব। চতুর্থ উইকেটে তাদের ১২১ অবিচ্ছিন্ন জুটি অস্ট্রেলিয়াকে নিয়ে যাচ্ছে বড় সংগ্রহের পথে। এএফপি/ক্রিকইনফো।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস
রান বল ৪ ৬
রেনশ ব্যাটিং ১৬৭ ২৭৫ ১৮ ০
ওয়ার্নার ক সরফরাজ ব ওয়াহাব ১১৩ ৯৫ ১৭ ০
খাজা ক সরফরাজ ব ওয়াহাব ১৩ ৪০ ০ ০
স্মিথ ক সরফরাজ ব ইয়াসির ২৪ ৪০ ৩ ০
হ্যান্ডসকম্ব ব্যাটিং ৪০ ৮২ ৪ ০
অতিরিক্ত ৮
মোট (৩ উইকেটে, ৮৮ ওভারে) ৩৬৫
উইকেট পতন : ১/৫১, ২/২০৩, ৩/২৪৪।
বোলিং : মোহাম্মদ আমির ১৬-১-৫৮-০, ইমরান খান ১৭-৩-৮১-০, ওয়াহাব রিয়াজ ১৯-৪-৬৩-২, ইয়াসির শাহ ৩০-২-১৩২-১, আজহার আলী ৪-০-১৬-০, আসাদ শফিক ২-০-১২-০।

No comments:

Post a Comment