Saturday, January 28, 2017

দুর্বৃত্তের আগুনে গাইবান্ধায় হাইস্কুল ভবন পুড়ে ছাই

দুর্বৃত্তদের দেয়া আগুনে গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চল কুন্দেরপাড়ায় স্থাপিত হাইস্কুল ‘গণ উন্নয়ন একাডেমি’র ভবন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম, শিক্ষার্থীদের সার্টিফিকেট ও বইপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে কোটি টাকার।
গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্কুলের পাশে বসানো মাদক, জুয়া ও যাত্রার প্রতিবাদ করায় সন্ত্রাসী চক্র এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। গণ উন্নয়ন একাডেমির প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের অর্থায়নে ২০০৩ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে এখানে ৫৯৭ জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে বিদ্যালয় ভবনে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। আগুনে অফিস কক্ষসহ ৭টি ঘর, আসবাবপত্র,
শিক্ষা সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া অফিস কক্ষের আলমারিতে রাখা শিক্ষার্থীদের ১২ বছরের কয়েক হাজার সার্টিফিকেটও পুড়ে গেছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু লোক সম্প্রতি স্কুলের কার্যক্রমে নানাভাবে বাধা দিয়ে আসছিল। কিছুদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই একটি চক্র মাদক, জুয়া ও যাত্রার নামে নগ্ননৃত্যের আসর বসায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার কুন্দেরপাড়া স্কুল মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কারণে ওই চক্রটি স্কুল ভবনে অগ্নিসংযোগ করতে পারে বলে তার ধারণা। খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছামছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীয়া ফেরদৌস জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, পুড়ে যাওয়া হাইস্কুল পরিদর্শন করা হয়েছে। আগুনের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

No comments:

Post a Comment