Thursday, January 26, 2017

নড়াইলে বিদ্যুতের তারে জড়িয়ে পাটকাঠি বোঝাই ট্রাক ভস্মিভূত

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী সার্বজনীন দুর্গামন্দিরের সামনে বিদ্যুতের তারে জড়িয়ে অগ্নিকান্ডে পাটকাঠি বোঝাই ট্রাক ভস্মিভূত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় চালকের আসনে হেলপার ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে হেলপার পালিয়ে গেছে। মাইজপাড়া বাজারের ব্যবসায়ী বাদশা আলমগীর ও মাহাবুবুল হাসান কনক জানান, তারাসী গ্রাম থেকে পাটকাঠি বোঝাই ট্রাকটি নড়াইল-মাইজপাড়া সড়কে যাওয়ার পথিমধ্যে কল্যাণখালী এলাকায় সড়কের ওপরের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাকে থাকা পাটকাঠিতে আগুন ধরে যায়। ট্রাকচালক (হেলপার) আগুন লাগার বিষয়টি টের না পেয়ে বেশ কিছু পথ অতিক্রম করেন। এতে করে পাঠকাঠির আগুন দ্রুত গতিতে ট্রাকের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে চালকসহ শ্রমিকেরা ট্রাক থেকে নেমে পড়েন। ক্ষতিগ্রস্থ পাটকাঠি ব্যবসায়ী হোসেনপুর গ্রামের মহসিন মোল্যা (৩৮) বলেন, এ ট্রাকে ৫৫ হাজার টাকার পাটকাঠি ছিল। বিক্রির জন্য কুষ্টিয়ায় পাঠাচ্ছিলাম। তিনি অভিযোগ করেন, এ সময় হেলপার ট্রাকটি চালিয়ে নিচ্ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর চালকের আসনে থাকা হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। হেলপারের নাম ও পরিচয় জানা না গেলেও প্রকৃত চালকের নাম মফিজ এবং মালিক যশোরের ধলগ্রামের শওকত হোসেন বলে জানা গেছে। নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, ট্রাকের কিছু অংশ রক্ষা করা গেলেও পাটকাঠি পুড়ে গেছে।

No comments:

Post a Comment