Thursday, January 19, 2017

ঠিক পথেই এগোচ্ছে আমেরিকা

নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তবে তার শপথের আগের দিন বুধবার হোয়াইটহাউজে শেষ সংবাদ সম্মেলনে ট্রাম্পের ওপর মার্কিন জনগণের আস্থা রাখার আহ্বান জানালেন বিদায়ী প্রেসিডেন্ট বারাকা ওবামা। তিনি বলেন, 'আমি মার্কিন জনগণের প্রতি আস্থাশীল। আমি বিশ্বাস করি আমাদের জনগণের মধ্যে খারাপের চেয়ে ভালো লোকই বেশি।' ওবামা বলেন, 'বিশ্বের অশুভ শক্তি রয়েছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু দিনশেষে আমরা যদি কঠোর পরিশ্রম করি, যা কিছু শুভ এবং সঠিক, তার প্রতি সৎ থাকি, তাহলে বিশ্ব সব সময় ভালো কিছু পাবে।' তিনি বলেন, 'আমার প্রেসিডেন্সির সময় আমরা এমনটি হওয়ার চেষ্টা করেছি এবং আমি যেসব তরুণের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যেও এমনটি দেখেছি।' ট্রাম্পের উত্থানের বিষয়ে যথষ্টে সতর্ক ছিলেন না বলে যে সমালোচনা রয়েছে, সংবাদ সম্মেলনে তা প্রত্যাখ্যান করেন ওবামা। তিনি বলেন, 'আমার সঙ্গে কিছু সাংবাদিকের অফ দ্য রেকর্ড কথা হয়েছে। তারা আমাকে বলেছেন, 'আপনাকে দেখে মনে হয় আপনি ঠিক আছেন। কিন্তু সত্যি সত্যি আপনি আসলে কী ভাবছেন।' আমি সত্যি কী ভাবছি তা আমি তাদের বলেছি। আর তা হল আমি বলেছি, আমি আমেরিকার প্রতি আস্থাশীল।' ওবামা বলেন, 'আমি অন্তর থেকে বলছি, আমার মনে হচ্ছে আমরা ঠিক পথেই এগোচ্ছি।
আমাদেরকে শুধু এজন্য (ঠিক থাকা) লড়তে হবে, আমাদেরকে এজন্য কাজ করতে হবে এবং একে দয়ার দান হিসেবে গ্রহণ করলে হবে না। আর আমি জানি আপনারা (সাংবাদিক) আমাদেরকে এজন্য সহযোগিতা করবেন।' সর্বশেষ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কিছু পরামর্শও দেন ওবামা। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি যদি শুধু তাদের কথাই শোনেন যারা আপনার সব কথায় সায় দেয়, আপনি যদি এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তাহলে বুঝতে হবে আপনি ভুল করতে শুরু করেছেন।' যুক্তরাষ্ট্রের বহু দিনের পুরনো শত্রু রাশিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, দেশটির সঙ্গে সম্পর্ক খানিকটা সেই ঠাণ্ডা যুদ্ধের মতো রূপ নিয়েছে। ভ্লাদিমির পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর ঠাণ্ডা যুদ্ধের সময়কার সেই প্রতিপক্ষ মনোভাবের একটা পুরনো আঁচ যেন পাওয়া যাচ্ছে। এতে করে দু'পক্ষের সম্পর্কে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়েছে। গোপন সরকারি নথিপত্র ফাঁস করে দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত সেনা চেলসি ম্যানিংয়ের বাদবাকি সাজা মওকুফ করে দেয়ার পর তার কড়া সমালোচনা করছে রিপাবলিকানরা। তাদের অভিযোগ, সাজা মওকুফের মাধ্যমে ভুল বার্তা দিলেন ওবামা।  এ ব্যাপারে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, 'চেলসি ম্যানিংকে বিচারের আওতায় আনা হয়েছে, সে তার অপরাধের দায়িত্বও নিয়েছে।' ৩৫ বছরের সাজা তার অপরাধের তুলনায় অনেক বেশি মন্তব্য করে তিনি বলেন, সাজা মওকুফ করে দেয়ার ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী ওবামা বিজয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এরপর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এ প্রেসিডেন্ট একজন মুসলিম বাবার সন্তান। তবে মায়ের কাছে খ্রিস্টান ধর্মাবলম্বী হিসেবেই বেড়ে ওঠেন তিনি। ক্ষমতায় আসার পর থেকেই ওবামাকে মুসলিম সম্বোধন করে নানা বিরোধিতা করেছে প্রতিপক্ষ রিপাবলিকানরা।

No comments:

Post a Comment