Thursday, January 19, 2017

গাম্বিয়ার প্রেসিডেন্টকে উৎখাতে সেনেগালের সেনা অভিযান!

রাজনৈতিক অস্থিরতার মধ্যে গাম্বিয়া সীমান্তের দিকে সেনেগালের সেনাসদস্যদের অগ্রসর হতে দেখা গেছে। তাদের সমর্থনে নাইজেরিয়াও বিমান বাহিনীর একটি ইউনিট পাঠিয়েছে। গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহকে উৎখাতে সেনারা অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি'র। নির্বাচনে পরাজিত হওয়ার পর কারচুপির অভিযোগ এনে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ইয়াহইয়া।
কিন্তু ইয়াহইয়াকে ক্ষমতাচ্যুত করতে চায় আফ্রিকান ইউনিয়ন। এজন্য সামরিক হস্তক্ষেপে জাতিসংঘের সমর্থন চায় পশ্চিম আফ্রিকার দেশগুলো। সেনাবাহিনী বুধবার মধ্যরাত থেকে গাম্বিয়ায় অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছে এবিসি ও স্কাই নিউজ। বুধবার ছিল ইয়াহইয়ার মেয়াদের শেষ কার্যদিবস। কিন্তু তিনি আগেরদিন দেশে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। পার্লামেন্ট তার মেয়াদ আরো তিন মাস বর্ধিত করে। ফলে বৃহস্পতিবার শপথ নিতে পারছেন না নির্বাচনে বিজয়ী আদামা ব্যারো। এদিকে জরুরি অবস্থা জারির পর ব্রিটিশ ও ডাচ ট্রাভেল এজেন্সিগুলো তাড়াহুড়া করে হাজার হাজার পর্যটককে সরিয়ে নেয়। ডিসেম্বরের নির্বাচনে বিরোধীদলীয় নেতা আদামা ব্যারো'র বিজয়কে ইয়াহইয়া প্রাথমিকভাবে মেনে নেন। কিন্তু পরে তিনি ব্যালট গণনায় ত্রুটির কথা জানান এবং সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন।  ইয়াহইয়া দীর্ঘ ২২ বছর ধরে কঠোর হাতে গাম্বিয়া শাসন করে আসছেন। সেনেগাল দ্বারা তিন দিক থেকে পরিবেষ্টিত গাম্বিয়া একটি সরু রাষ্ট্র। দেশটির পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। প্রায় ৯০ ভাগ মুসলিম জনগোষ্ঠীর দেশটিকে ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামিক রিপাবলিক ঘোষণা করেন ইয়াহইয়া।

No comments:

Post a Comment