Tuesday, January 17, 2017

‘অখিলেশ মুসলিমদের অবজ্ঞা করছে’

ভারতের সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত নেতা মুলায়ম সিং যাদব বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে মুসলিমবিরোধী হয়ে উঠছেন। সোমবার সমাজবাদী পার্টির লখনৌ দফতরে ৫ শতাধিক নেতাকর্মীকে নিয়ে এক বৈঠকে এ কথা বলেন মুলায়ম। ছেলে অখিলেশ সিং যাদবের ওপর এমন অভিযোগ এনে তিনি বলেন, অখিলেশ মুসলিম ভোটারদের উপেক্ষা করছে। উত্তরপ্রদেশের নির্বাচনে জয়ের জন্য ১৯ শতাংশ মুসলিম ভোটারের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। খবর এনডিটিভির। চলতি মাসের প্রথমদিকে দলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বাবা মুলায়মকে বহিষ্কার করেন ছেলে অখিলেশ। এর জেরে মুলায়ম ও অখিলেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে ওঠে। সমাজবাদী পার্টির প্রতীক ‘সাইকেল’ কার দখলে যাবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ‘সাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাবা-ছেলে।
শুক্রবার দুই শিবিরের বক্তব্যই নির্বাচন কমিশন শুনেছে। মুলায়মের দাবি, দলের প্রতিষ্ঠাতা তিনি, তাই ‘সাইকেল’ প্রতীক তার হাতেই থাকা উচিত। আর অখিলেশ শিবিরের তরফ থেকে রামগোপাল যাদব কমিশনে গিয়ে নথিপত্র পেশ করে জানিয়ে এসেছেন, দলের ৯০ শতাংশ জনপ্রতিনিধি এবং পদাধিকারী অখিলেশের পক্ষে। তাই অখিলেশের দখলে যাবে ‘সাইকেল’-এর কর্তৃত্ব। বৈঠকে মুলায়ম বলেন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য অখিলেশ যে প্রার্থী তালিকা তৈরি করেছেন, তাতে একজনও মুসলিম প্রার্থীর নাম নেই। মুলায়ম আরও বলেন, ‘অখিলেশ আমার সঙ্গে আলোচনা করতে এসেছিল ঠিকই, কিন্তু আমার একটা কথাও সে শোনেনি।’ আজ থেকে প্রথম পর্বে প্রার্থী মনোনয়ন দাখিল শুরু হচ্ছে। উত্তরপ্রদেশে প্রায় ১৯ শতাংশ মুসলিম ভোটারের অধিকাংশই দীর্ঘদিন ধরে সমাজবাদী পার্টির সমর্থক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুলায়মের এ মন্তব্য আসলে দলের চিরাচরিত ভোট ব্যাংককে নিজের অনুকূলে রাখার চেষ্টা। সপা তথা সাইকেলের কর্তৃত্ব অখিলেশের হাতে গেলেও, ভোটাররা যাতে তার দিকেই থেকে যান, মুলায়ম এখন মরিয়া হয়ে সেই চেষ্টাই করছেন।

No comments:

Post a Comment