Tuesday, January 17, 2017

কিরগিজ গ্রামের বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান নিহত ৩৭

কিরগিজস্তানের একটি জনবহুল গ্রামের বাড়ির ছাদে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। বোয়িং-৭৪৭ বিমানটি হংকং থেকে তুরস্কের ইস্তাম্বুল অভিমুখে যাচ্ছিল। কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এটি বিধ্বস্ত হয়। বিবিসির খবরে বলা হয়, অবতরণের সময় ঘন কুয়াশার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক খবরে বলা হয়েছে।
বিমানটি ঠিকমতো নামতে না পেরে ডাচা-সু গ্রামের কয়েকটি ভবনে আঘাত করে। যারা নিহত হয়েছেন তাদের বেশির ভাগই গ্রামের লোকজন বলে জানা গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় নারী ও শিশুদের অনেকেই ওই ভবনগুলোতে ঘুমিয়ে ছিলেন। বিমানের আঘাতে দুটি বাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে অজ্ঞাতসংখ্যক ক্রু ছিলেন, তবে কোনো যাত্রী ছিল না। জানা গেছে, বিমানটি মানাস বন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির কথা ছিল। এসিটি এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, বিশকেকের বিমানবন্দরের অবতরণ শেষ করার আগেই কোনো কারণ ছাড়াই ছিটকে পড়ে বিমানটি। এটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে উপযুক্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

No comments:

Post a Comment