‘রূপবান’খ্যাত
নায়িকা সুজাতার যেন এখন অনেক অবসর। একমাত্র ছেলে ফয়সাল আজিমের দুই ছেলে
অর্থাৎ সুজাতার দুই নাতি ফারদিন আজিম ও আবিয়াদ আজিমের সঙ্গেই অবসর সময়
কাটে। চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে নেই তার তেমন ব্যস্ততা। যে কারণে
একরকম ছুটির আমেজেই সময় কাটছে তার। কিন্তু কিংবদন্তি এ নায়িকা এখনও অভিনয়ে
যথেষ্ট সামর্থ্য। আর তাই চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ে নিয়মিত হওয়ার বাসনা
প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে। যদিও মাঝে মধ্যে কিছু চলচ্চিত্রে ও
নাটকে অভিনয় করেন; কিন্তু তাতে তৃপ্ত নন কিংবদন্তি এ নায়িকা। তিনি অভিনয়ে
নিয়মিত হতে চান। যে কারণে চলচ্চিত্র ও নাটকের নির্মাতাদের কাছে বিশেষ
অনুরোধ করেছেন যদি তাকে নিয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই যেন তার
চরিত্রানুযায়ী কাজ করার সুযোগ দেয়া হয়। সুজাতা বলেন, ‘একটা সময় প্রতিদিনই
শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল; কিন্তু এখন সেই বয়সও নেই, সময়ও নেই।
কিন্তু কাজ করার মতো প্রবল ইচ্ছা আছে আমার। শারীরিকভাবেও সুস্থ আমি।
তাই
অবসরকে ছুটি দিয়ে কাজে নিয়মিত হতে চাই। আশা করি চলচ্চিত্র ও নাটকের
নির্মাতারা আমার অবসরকে ছুটি দিয়ে আমাকে কাজে নেবেন।’ ১৯৬৫ সালে মুক্তি
পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। এতে
বারো বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করে তন্দ্রা মজুমদার নামক এক কিশোরী।
পরিচালক সালাহউদ্দিন এই তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি
‘রূপবান’ হয়েই আছেন দর্শক হৃদয়ে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের
নায়িকা এই সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন এই মাধ্যম থেকে। তবে
প্রাণের টানে ফিরেও এসেছেন অভিনয়ে। এখন অবসর আর অভিনয় দুই মিলিয়েই সময়
কাটছে তার।

No comments:
Post a Comment