Monday, January 23, 2017

টানাপোড়েন শেষে উত্তরপ্রদেশে কংগ্রেস-সপা জোট

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে টানাপড়েন অবশেষে শেষ হতে চলেছে। রোববার লাক্ষেèৗতে সপার সদর দফতরে নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে দলের নেতা অখিলেশ যাদব জানান, জোট ভাঙেনি। একই দিন কংগ্রেসের তরফেও দিল্লি থেকে একই কথা জানানো হয়েছে। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেসকে ১০৫টি আসন দেয়ায় সম্মত হয়েছে সপা। কংগ্রেস ও সপার মধ্যে জোট গঠনের নেপথ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধীর ভূমিকা রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কয়েকদিন ধরে আসন বণ্টন নিয়ে তুমুল টানাপড়েনের মধ্যে ছিল সপা-কংগ্রেস জোট। কংগ্রেস ১২১টি আসন চেয়েছিল। কিন্তু অখিলেশ যাদব ৯০টির বেশি আসন দিতে রাজি ছিলেন না। পরে তা বাড়িয়ে ৯৯টি আসন ছাড়তে রাজি হন তিনি। দু’দলের দর কষাকষির মধ্যেই শনিবার আচমকা প্রায় দুই শতাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করে সপা।
এ আসনগুলোর মধ্যে এমন বেশ কিছু আসনও ছিল, যেগুলোতে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। সপার এ ঘোষণার পর জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে সপার পক্ষে অখিলেশ এবং কংগ্রেসের পক্ষে সোনিয়া জট খুলতে সক্রিয় হন। সোনিয়ার নির্দেশে অখিলেশের সঙ্গে বৈঠকে বসেন প্রিয়াংকা। এ বৈঠকেই মেলে সমাধানসূত্র। প্রিয়াংকার সঙ্গে সমঝোতায় অখিলেশ আরও ৬টি (মোট ১০৫টি) আসন কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি হন। বাকি ২৯৮টি আসনে সপা প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু অমেঠি-রায়বেরেলির আসনগুলোর বিষয়ে কী আলোচনা হল, কংগ্রেসের জেতা আসনগুলো থেকে সপা প্রার্থী প্রত্যাহার করছে কিনা? এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সপা ও কংগ্রেসের মধ্যে জোট গঠনের সব ক্রেডিট প্রিয়াংকাকে দিতে চান কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আহমেদ প্যাটেল। তিনি এক টুইট বার্তায় বলেন, সপার সঙ্গে কৌশল খাটিয়ে চুক্তিতে আবদ্ধ হয়েছেন প্রিয়াংকা। অখিলেশ ও প্রিয়াংকার মধ্যে সমঝোতার বৈঠক শেষে লাক্ষেèৗতে রোববার সপার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন অখিলেশ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জোট বহাল রয়েছে।’ তবে এর বেশি কিছু তিনি বলেননি।

No comments:

Post a Comment