Monday, January 30, 2017

কানাডায় মসজিদে গুলি, নিহতের সংখ্যা বেড়েছে

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরো আটজন। পুলিশ বলছে, রোববার রাতে কুইবেক ইসলামিক সেন্টারের ওই মসজিদের ভেতরে বন্দুকধারীরা হামলা চালায়। এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করছে পুলিশ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও মসজিদে হামলার ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে একে 'সন্ত্রাসী হামলা' বলে বর্ণনা করেছেন।
ঘটনার পর কুইবেক ইসলামিক সেন্টারের ফেসবুক পাতায় ঘটনাস্থল ও পুলিশের ছবি পোস্ট করে বলা হয় "গুলির ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে।" পুলিশ বলছে, এ ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এর আগে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে কমপক্ষে তিনজন বন্দুকধারী প্রবেশ করেছিল। গুলিতে কত লোক আহত হয়েছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ঘটনা পরবর্তী ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেক জরুরি যান ইসলামিক সেন্টারের সামনে অবস্থান করছে। সূত্র : বিবিসি

No comments:

Post a Comment